চট্টগ্রামের চন্দনাইশে বিশেষ অভিযানে একটি দেশীয় ওয়ান শুটার গান (এলজি) এবং দুই রাউন্ড কার্তুজসহ এক অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৭ আগস্ট) দুপুর ২টা ৪৫ মিনিটে এ অভিযান পরিচালিত হয়। চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু’র নির্দেশনায় ও চন্দনাইশ থানার ওসি গোলাম সারোয়ারের তত্ত্বাবধানে এসআই মো. রাকিব হাসান সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হাশিমপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড উত্তর হাশিমপুর সৈয়দাবাদ এলাকায় অভিযান চালানো হয়। বোবার বাড়ির বিপরীতে সৈয়দাবাদ-ধোপাছড়ি সড়কের উত্তর পাশে মাসুদ এন্টারপ্রাইজ নামক দোকানের সামনে থেকে অস্ত্রধারী সন্ত্রাসী মো. মাহবুবুল আলম (৪২) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাহবুবুল আলম মৃত আব্দুল মোনাফের পুত্র। তার বাড়ি উত্তর হাশিমপুর, সৈয়দাবাদ, হাশিমপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে।
তল্লাশির সময় তার কাছ থেকে একটি দেশীয় লোহার তৈরি সচল ওয়ান শুটার গান এবং দুই রাউন্ড সীসা কার্তুজ উদ্ধার করা হয়।
পরে আসামির বিরুদ্ধে চন্দনাইশ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।


