বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়াল

নিজস্ব প্রতিবেদক

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। বুধবার দিন শেষে গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩১ বিলিয়ন ৩৩ লাখ ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম–৬ অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে ২৬ বিলিয়ন ৩১ লাখ ডলার। রোববার গ্রস রিজার্ভ ছিল ৩০ দশমিক ৮৬ বিলিয়ন এবং বিপিএম–৬ অনুযায়ী ২৫ দশমিক ৮৭ বিলিয়ন ডলার।

গত জুলাইর প্রথম সপ্তাহে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নে (আকু) ২০২ কোটি ডলার পরিশোধের পর রিজার্ভ কমে গিয়েছিল। তখন গ্রস রিজার্ভ নেমে আসে ২৯ দশমিক ৫৩ বিলিয়ন এবং বিপিএম–৬ অনুযায়ী ২৪ দশমিক ৫৬ বিলিয়ন ডলারে।

তবে রেমিট্যান্সে উচ্চ প্রবৃদ্ধি, রপ্তানি আয় বৃদ্ধি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ঋণ প্রবাহের কারণে রিজার্ভে নতুন গতি এসেছে। গত জুন শেষে গ্রস রিজার্ভ বেড়ে দাঁড়ায় ৩১ দশমিক ৭২ বিলিয়ন ডলার, যা ছিল গত ২৮ মাসের মধ্যে সর্বোচ্চ। একই সময়ে বিপিএম–৬ অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছিল ২৬ দশমিক ৬৯ বিলিয়ন ডলারে।

এর আগে সর্বশেষ ২০২৩ সালের মার্চের শুরুতে রিজার্ভ ৩২ বিলিয়ন ডলারের নিচে নেমেছিল। ২০২৩ সালের জুন থেকে আইএমএফের শর্ত অনুযায়ী বিপিএম–৬ পদ্ধতিতে রিজার্ভের হিসাব প্রকাশ শুরু করে কেন্দ্রীয় ব্যাংক। ওই সময় রিজার্ভ ছিল ২৪ দশমিক ৭৫ বিলিয়ন ডলার।

দেশের ইতিহাসে প্রথমবারের মতো ২০২১ সালের আগস্টে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছিল। তবে এরপর থেকে ধীরে ধীরে রিজার্ভ কমে আওয়ামী লীগ সরকার পতনের আগে গত জুলাই শেষে দাঁড়ায় ২০ দশমিক ৪৮ বিলিয়ন ডলারে।

সরকার পরিবর্তনের পর থেকে অর্থ পাচারে কঠোর নিয়ন্ত্রণ ও হুন্ডি রোধে কার্যকর পদক্ষেপের ফলে ডলার প্রবাহ বাড়তে থাকে। ২০২৪–২৫ অর্থবছরে প্রবাসী আয় প্রায় ২৭ শতাংশ বেড়ে ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার দেশে এসেছে। চলতি অর্থবছরের ২০ আগস্ট পর্যন্ত রেমিট্যান্স এসেছে ৪১২ কোটি ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৯ দশমিক ৬০ শতাংশ বেশি।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত