চার দিনের সফরে চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আটজন নেতা। মঙ্গলবার (২৬ আগস্ট) রাত ১০টায় তারা রওনা দেন। আগামী ৩০ আগস্ট তাদের দেশে ফেরার কথা রয়েছে।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধিদলে রয়েছেন সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম ও যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ।
দলীয় সূত্র জানিয়েছে, সফরে বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে সাক্ষাৎ করবেন নেতারা। এছাড়া তারা চীনের একটি বিশ্ববিদ্যালয়, একটি গ্রাম এবং শিল্পকারখানা পরিদর্শন করবেন। চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে তাদের।
এনসিপি মনে করছে, এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও চীনের সরকার ও জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নয়ন ঘটবে।
এর আগে গত ২১ আগস্ট ঢাকায় চীনা দূতাবাসে এনসিপির প্রতিনিধি দলের জন্য এক সংবর্ধনার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।


