রবিবার, ২৩ আগস্ট ২০২৬
Single Top Banner

চট্টগ্রামে স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের কর্ণফুলীতে স্ত্রী হত্যার মামলার পলাতক প্রধান আসামি স্বামী মো. আজিজ মিয়াকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল বৃহস্পতিবার ভোরে বান্দরবানের লামা থানার একটি এলাকায় বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। অভিযানটি পরিচালনা করে র‌্যাব-৭ ও র‌্যাব-১৫ এর যৌথ দল।

গ্রেপ্তার আজিজ মিয়া (৫০) বান্দরবানের আলীকদম উপজেলার দক্ষিণ পূর্ব পালংপাড়ার নুরুল হকের ছেলে। নিহত তার স্ত্রী কুলসুমা বেগম (৪০) পেশায় ছিলেন একজন গার্মেন্টস কর্মী। তিনি পরিবার নিয়ে কর্ণফুলী থানার চরপাথরঘাটা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

র‌্যাব সূত্র জানায়, গত ৩০ জুলাই রাতে কর্মস্থল থেকে বাসায় ফেরার পর স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে আজিজ মিয়া বাসায় থাকা ইট দিয়ে কুলসুমার মাথা ও শরীরে আঘাত করে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় কুলসুমাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তবে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঘটনার পর নিহতের বড় মেয়ে বাদী হয়ে কর্ণফুলী থানায় হত্যা মামলা দায়ের করেন, যেখানে স্বামী আজিজ মিয়াকে এজাহারনামীয় প্রধান আসামি করা হয়। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, আসামির অবস্থান শনাক্ত করে ভোর সাড়ে পাঁচটার দিকে লামা থানার একটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাকে আইনানুগ প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। দীর্ঘদিন পলাতক থাকার পর আসামি গ্রেপ্তার হওয়ায় ভুক্তভোগী পরিবার স্বস্তি প্রকাশ করেছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত