চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতিতে অনুষ্ঠিতব্য ঐতিহাসিক ১৯ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) মাহফিলের বাজেট ঘোষণা করা হয়েছে ১০ কোটি টাকা। শুক্রবার (২৯ আগস্ট) প্রস্তুতি বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এই বাজেটের তথ্য জানায় সিরাত কমিটি।
মাহফিল কমিটির সাংগঠনিক সম্পাদক শাহজাদা আব্দুল মালেক মুহাম্মদ দিনার নাজাত বলেন, “এবারের মাহফিলের জন্য ১০ কোটি টাকার বাজেট নির্ধারণ করা হয়েছে। আমরা সাংবাদিক ভাইদের মাধ্যমে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করছি, যাতে অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়।”
চুনতি সিরাতুন্নবী মাহফিলের সূচনা করেন আশেকে রসুল (সা.) হযরত আলহাজ্ব শাহ্ মৌলানা হাফেজ আহমদ (রা.) শাহ্ ছাহেব কেবলা চুনতি। শতবর্ষব্যাপী এ মাহফিলের সুনাম রয়েছে সারাদেশে। প্রতিবছর দেশ-বিদেশ থেকে লক্ষাধিক ধর্মপ্রাণ মানুষ এখানে সমবেত হয়ে প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ ও শিক্ষার আলোকে নিজেদের জীবন গড়ে তোলার অঙ্গীকার করেন।
আয়োজকরা জানান, এত বড় পরিসরে মাহফিল আয়োজন করতে অবকাঠামো নির্মাণ, নিরাপত্তা ব্যবস্থা, পানি সরবরাহ, স্বাস্থ্যসেবা ও খাদ্য ব্যবস্থাপনার জন্য বিপুল অর্থের প্রয়োজন হয়। এজন্য এ বছরের বাজেট গতবারের তুলনায় বেশি ধরা হয়েছে।
এ মাহফিল শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়; এটি সামাজিক সম্প্রীতি, ধর্মীয় চেতনা ও সাংস্কৃতিক ঐতিহ্যেরও প্রতীক। স্থানীয় অর্থনীতিতেও এর ব্যাপক প্রভাব পড়ে।
সিরাত কমিটি আশা করছে, সর্বস্তরের সহযোগিতায় এবারও মাহফিল সফলভাবে সম্পন্ন হবে এবং চুনতি আবারও পরিণত হবে ধর্মপ্রাণ মানুষের মিলনমেলায়।


