বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Single Top Banner

চন্দনাইশে টাকা না পেয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের চন্দনাইশে টাকা না পেয়ে স্বামী ও শাশুড়ির নির্যাতনের শিকার হয়ে অন্তঃসত্ত্বা এক গৃহবধূ নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। নিহতের নাম মুক্তা আক্তার (২৬)। গত রবিবার রাতে উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পলিয়ার পাড়ার নদ্দিয়ার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাত ১১টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের চাচাতো ভাই সাজ্জাদ হোসেন জানান, ২০১৯ সালে প্রবাসী মো. পারভেজের সঙ্গে মুক্তার বিয়ে হয়। বিয়ের কয়েক মাস পর পারভেজ ওমানে চলে যান। তাদের সংসারে আড়াই বছরের এক ছেলে সন্তান রয়েছে। তিন মাস আগে পারভেজ দেশে ফিরে এসে মুক্তার পরিবারের কাছ থেকে পর্যায়ক্রমে ৩ লাখ ৫০ হাজার টাকা নেয় এবং সম্প্রতি আরও ৫ লাখ টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে স্বামী ও শাশুড়ি মিলে তাকে অমানবিক নির্যাতন করে। নির্যাতনের একদিন পর ওষুধ খাওয়ানো হলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে দোহাজারী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক চমেক হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন। তবে অ্যাম্বুলেন্সে করে নেওয়ার পথে তিনি মারা যান।

নিহতের পিতা নাছির উদ্দিন অভিযোগ করে বলেন, জামাইয়ের চাহিদা অনুযায়ী টাকা দিয়েছি। তবুও তারা মেয়েকে নির্যাতন করত। এবার টাকা দিতে অস্বীকৃতি জানানোয় পরিকল্পিতভাবে মেয়েকে হত্যা করেছে। আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাই।

চন্দনাইশ থানার ওসি গোলাম সারোয়ার জানান, নিহতের পিতা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। স্বামী মো. পারভেজ (৩৬) ও শাশুড়ি জাহানারা খাতুন (৫৪) পলাতক রয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত