মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
Single Top Banner

বায়েজিদ বোস্তামীতে পিন্টু হত্যা মামলার মূলহোতা দিলুসহ চারজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানার আলোচিত ও চাঞ্চল্যকর আবদুল্লাহ আল মনির ওরফে পিন্টু হত্যা মামলার মূলহোতা মো. দেলোয়ার হোসেন দিলুসহ চারজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

র‌্যাব জানায়, ৩০ আগস্ট রাতে হিলভিউ এলাকায় পূর্বশত্রুতার জেরে পিন্টুকে ছুরিকাঘাত করে গুরুতর আহত অবস্থায় ফেলে পালিয়ে যায় চার থেকে পাঁচজনের একটি সন্ত্রাসী গ্রুপ। স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রবিবার (৩১ আগস্ট) বিকালে র‌্যাব-৭-এর একটি দল হিলভিউ এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মো. দেলোয়ার হোসেন দেলু (৩৬) এবং পলাতক আসামি হাসান ওরফে কিরিচ হাসান (৩০)-কে গ্রেফতার করে। পরে তাদের তথ্য অনুযায়ী আলীনগর এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন পলাতক আসামি মোহাম্মদ শাহিন (২৮) এবং মোবারক হোসেন বাপ্পি (৩৬)-কে গ্রেফতার করা হয়।

নিহত পিন্টুর স্ত্রী ৩১ আগস্ট বায়েজিদ বোস্তামী থানায় ৮ জনের নাম উল্লেখ করে এবং ৪-৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন। মামলাটি থানার নং-৬২।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামিরা জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পিন্টুর সঙ্গে দেলুর দীর্ঘদিনের বিরোধ ছিল। এর জের ধরে ৩০ আগস্ট রাতে পূর্বপরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত