চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকায় পুলিশের বিশেষ অভিযানে কিশোর গ্যাং “এমবিএস” (মোহাম্মদপুর বয়েজ সিন্ডিকেট) এর নয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২ টা থেকে ভোর সাড়ে ছয়টা পর্যন্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) ও পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সার্বিক দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।
থানার পরিদর্শক (তদন্ত) মো. সাজ্জাদ হোসেনের নেতৃত্বে অভিযানে অংশ নেন উপ-পরিদর্শক মো. নুরুল আবছার, ইমন দত্ত, সহকারী উপ-পরিদর্শক লিটন সরকার, নৈশ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিরো বড়ুয়া, নাসির হোসেনসহ পুলিশের একাধিক দল।
অভিযান চলাকালে থানাধীন হামজারবাগ ও মোহাম্মদপুর এলাকায় তল্লাশি চালিয়ে মামলার নামীয় আসামি ও কিশোর গ্যাং এমবিএসের সক্রিয় সদস্যদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- মো. ইমাম হোসেন রোহান (১৬), সিয়াম হোসেন সামি (১৫), হেলাল উদ্দিন (১৯), তারেকুর রহমান শাহাদাত (১৭), আহমেদ ইরফান (১৫), মো. রাকিব হাসান (১৬), স্বপ্ন দাশ (১৬), রবিউল মিল্লাত ওয়াসিফ (১৭) এবং ফাহিম মোমিন (১৭)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে গ্যাংয়ের নামে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছিল। তাদের গ্রেফতারের পর হামজারবাগ ও মোহাম্মদপুর এলাকায় স্বস্তি ফিরে এসেছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।


