বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার (বিওয়াইএলসি) এবং নেদারল্যান্ডস দূতাবাসের যৌথ উদ্যোগে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো “আইডিয়েশন চ্যালেঞ্জ” প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠান। বুধবার (৩ সেপ্টেম্বর) দি পেনিনসুলা চট্টগ্রামে আয়োজিত এ অনুষ্ঠানের মধ্য দিয়ে তরুণ নেতৃত্বাধীন পাঁচটি দলের আট মাসব্যাপী প্রতিযোগিতার সমাপ্তি ঘটে।
প্রতিযোগিতায় নির্বাচিত ব্যবসায়িক ধারণাগুলো স্থানীয় ও বৈশ্বিক নানা চ্যালেঞ্জ মোকাবিলা এবং টেকসই ও জলবায়ুবান্ধব সমাধান নিয়ে কাজ করছে। অনুষ্ঠানে বেসরকারি খাত, শিক্ষা প্রতিষ্ঠান এবং উন্নয়ন সংস্থার বিশিষ্ট অতিথিরা অংশ নেন। ব্যবসায়িক ধারণা উপস্থাপন, পণ্য ও সেবা প্রদর্শনী এবং নেটওয়ার্কিং সেশনের মধ্য দিয়ে প্রোগ্রামটির কার্যক্রম শেষ হয়।
অনুষ্ঠান শেষে চ্যাম্পিয়ন, প্রমিসিং আইডিয়া ও বিশেষ স্বীকৃতি পুরস্কার ঘোষণা করা হয়। চ্যাম্পিয়ন দল পাঁচ লাখ টাকার অনুদান পায় এবং অন্য দুটি দল এক লাখ টাকা করে অনুদান লাভ করে।
প্রথমে ১৬৮টি ব্যবসায়িক ধারণা থেকে বাছাই করে ২৭টি দলকে উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নবিষয়ক দুই দিনের বুটক্যাম্পে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়। পরে নির্বাচিত পাঁচটি দল ইনকিউবেশন প্রোগ্রামের মাধ্যমে পরামর্শ, শিল্পখাতের সঙ্গে সংযোগ এবং সক্ষমতা উন্নয়নমূলক কর্মশালার সুযোগ পায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি চট্টগ্রামের মেয়র ড. শাহাদাত হোসেন তরুণ উদ্যোক্তাদের অনুপ্রেরণা দিয়ে বলেন, বিওয়াইএলসি ও নেদারল্যান্ডস দূতাবাসের এই উদ্যোগ তরুণদের ব্যবসায় আগ্রহী করবে। দেশের অর্থনীতিকে গতিশীল করতে সরকারি, বেসরকারি ও উন্নয়ন সংস্থাগুলোকে তরুণ উদ্যোক্তাদের পৃষ্ঠপোষকতা করতে হবে।
বিওয়াইএলসি’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী চেয়ারপারসন ইজাজ আহমেদ বলেন, চট্টগ্রাম আইডিয়েশন চ্যালেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে যেসব তরুণ উদ্যোক্তাকে সহায়তা করা হয়েছে, তারা শুধু ব্যবসা গড়ছে না, বরং সবুজ ও সহনশীল বাংলাদেশের ভিত্তি তৈরি করছে। তাদের সৃজনশীলতা প্রমাণ করে যে চট্টগ্রাম থেকেও জাতীয় পর্যায়ের টেকসই ব্যবসায়িক উদ্যোগ গড়ে তোলা সম্ভব।
নেদারল্যান্ডস দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি টিম স্পান্স বলেন, বাংলাদেশের তরুণ উদ্ভাবকদের আরও এগিয়ে আসতে হবে। তারা যদি ধারণাকে প্রতিষ্ঠানে রূপান্তর করে কর্মসংস্থান সৃষ্টি করতে পারে, তবে একইসঙ্গে পরিবেশ সুরক্ষায়ও ভূমিকা রাখবে। এ ধরনের উদ্যোগ তরুণদের বৈশ্বিক সুযোগের সঙ্গেও যুক্ত করবে।
অনুষ্ঠানের শেষাংশে বিজয়ীদের অনুদানের প্রতীকী চেক হস্তান্তর করা হয় এবং উদ্যোক্তা ও শিল্পখাতের প্রতিনিধিদের মধ্যে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
প্রথমবারের মতো আয়োজিত এই প্রোগ্রামের মাধ্যমে বিওয়াইএলসি ও নেদারল্যান্ডস দূতাবাস তরুণ উদ্যোক্তাদের ক্ষমতায়ন, চট্টগ্রামের উদ্যোক্তা পরিবেশকে শক্তিশালী করা এবং বাংলাদেশকে আরও অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অর্থনীতির পথে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।


