বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

ছাত্রীদের নিয়ে অশ্লীল মন্তব্যের জের

ঈদগাঁওয়ে দুই বখাটে টিকটকারকে মাথা ন্যাড়া ও জুতার মালা পরিয়ে শাস্তি

আনোয়ার হোছাইন, ঈদগাঁও (কক্সবাজার) : 

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী উচ্চ বিদ্যালয় এলাকায় ছাত্রীদের নিয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্যের জেরে দুই বখাটে টিকটকারকে ক্ষুব্ধ ছাত্র-জনতা মাথা ন্যাড়া করে গলায় জুতার মালা পরিয়ে শাস্তি দিয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটার পরপরই এর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই ভাইরাল হয়। এতে সাধারণ মানুষের ক্ষোভ কিছুটা প্রশমিত হয়েছে।

স্থানীয়রা জানান, পোকখালী ইউনিয়নের রায়হান ও রবিউল নামে দুই বখাটে বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে অশ্লীল মন্তব্য করে টিকটক ভিডিও তৈরি করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এতে এলাকাবাসী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বৃহস্পতিবার সকালে স্কুল খোলার আগে স্থানীয় ছাত্র-জনতা এ দুই কিশোরকে ঘর থেকে ধরে এনে বিদ্যালয়ের শহীদ মিনারের সামনে বেঁধে মাথা ন্যাড়া করে গলায় জুতার মালা ঝুলিয়ে দেয়। পরে স্কুল খোলার পর তাদের জব্দ করা মোবাইলসহ বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে রায়হান পোকখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গুদামপাড়া এলাকার টিপু সোলতানের ছেলে এবং অপরজন রবিউল পশ্চিম পোকখালীর বাসিন্দা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল আলম শফি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনি স্কুলে পৌঁছার আগেই প্রাক্তন শিক্ষার্থী ও এলাকাবাসী দুই কিশোরকে ধরে এনে শাস্তি দেয়। পরে তিনি টিকটক তৈরিতে ব্যবহৃত দুটি মোবাইল জব্দ করে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন। পরবর্তীতে এলাকাবাসী ও ছাত্র-ছাত্রীদের সঙ্গে পরামর্শ করে মুচলেকা নিয়ে কিশোর দু’জনকে তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

উল্লেখ্য, দুই দিন আগে এ দুই বখাটে বিদ্যালয়ের শহীদ মিনারের ওপর দাঁড়িয়ে ছাত্রীদের নিয়ে অশালীন মন্তব্য করে টিকটক ভিডিও তৈরি করে ফেসবুকে ছড়িয়ে দেয়। বিষয়টি দ্রুত ভাইরাল হয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় ওঠে এবং নেটিজেনরা তাদের কঠোর শাস্তির দাবি জানায়।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত