বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

চট্টগ্রামে জশনে জুলুসে ভিড়ে এক জনের মৃত্যু, দুই জন গুরুতর আহত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী জশনে জুলুসে মর্মান্তিক ঘটনা ঘটেছে। লাখো মানুষের উপস্থিতিতে আয়োজিত এই বিশাল ধর্মীয় সমাবেশে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে ৬০ বছর বয়সী এক ব্যক্তি মৃত্যুবরণ করেছেন। একই সময় ভিড়ের চাপে গুরুতর আহত হয়েছেন আরও দুইজন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নূরে আলম আশিক জানান, শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ষোলশহর থেকে শুরু হওয়া জশনে জুলুস র‌্যালির সময় প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন প্রায় ৬০ বছর বয়সী এক ব্যক্তি। সঙ্গে সঙ্গে উপস্থিত জনতা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

এদিকে মুরাদপুর এলাকায় মানুষের উপচেপড়া ভিড়ের মধ্যে চাপা পড়ে আহত হন আরও দুইজন। তাদের মধ্যে মাহফুজ (৩৫) নামের একজনকে চমেক হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। অন্য আহত ব্যক্তি অজ্ঞাতনামা এবং তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসাসংলগ্ন আলমগীর খানকা-এ কাদেরিয়া সৈয়দিয়া তৈয়বিয়া থেকে জুলুস যাত্রা শুরু হয়। বিবিরহাট, মুরাদপুর, ষোলশহর ২ নম্বর গেট, জিইসি মোড় হয়ে পুনরায় ২ নম্বর গেট-মুরাদপুর-বিবিরহাট অতিক্রম করে এই মহাসমাবেশ জামেয়া মাদ্রাসাসংলগ্ন জুলুস ময়দানে গিয়ে সমবেত হয়। লাখো মানুষের উপস্থিতিতে সেখানে অনুষ্ঠিত হয় মাহফিল, জোহরের নামাজ ও দোয়া মাহফিল।

এ বছর জশনে জুলুসে নেতৃত্ব দেন আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ। তার সঙ্গে ছিলেন শাহজাদা আল্লামা সৈয়দ মুহাম্মদ কাসেম শাহ, সৈয়দ মুহাম্মদ মেহমুদ আহমদ শাহ এবং আনজুমান ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আনোয়ার হোসেন।

ঐতিহাসিক এই আয়োজন করে আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট। সার্বিক সহযোগিতায় ছিল গাউসিয়া কমিটি বাংলাদেশ।

প্রতিবছরের মতো এবারও চট্টগ্রামের মানুষ উৎসবমুখর পরিবেশে লাখো মুসল্লির অংশগ্রহণে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুসে অংশ নিলেও এ বছরের আয়োজন এক মৃত্যু ও দুইজন আহত হওয়ার ঘটনায় শোকের আবহ তৈরি করেছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত