এশিয়ার অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহুল প্রতীক্ষিত কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সমাজসেবা সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন কক্সবাজারের ঈদগাঁও উপজেলার মেধাবী শিক্ষার্থী মোহাম্মদ জামশেদ। আগামীকাল (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিতব্য নির্বাচনে তিনি কবি জসিম উদ্দিন হল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার ব্যালট নম্বর ০৫।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী জামশেদ জুলাই বিপ্লবেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করে নজর কাড়েন।
মোহাম্মদ জামশেদের গ্রামের বাড়ি ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে। তিনি মৃত হাফেজ মোহাম্মদ সিরাজুল হকের ছেলে। বড় ভাই হাফেজ মোহাম্মদ মুবিনুল হক ইসলামাবাদী জানান, তাদের ভাইয়ের জয়লাভ নিশ্চিত করতে কবি জসিম উদ্দিন হলে থাকা কক্সবাজার জেলার কৃতি শিক্ষার্থীদের সহযোগিতা ও সবার দোয়া প্রয়োজন।
শিক্ষাজীবনে ধারাবাহিক উৎকর্ষের পরিচয় দিয়েছেন জামশেদ। ২০১৯ সালে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ২০২১ সালে চট্টগ্রাম মহসিন কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। পরবর্তীতে ২০২১-২২ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ-ইউনিট ভর্তি পরীক্ষায় চট্টগ্রাম বিভাগে প্রথম স্থান অর্জন করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পান।
ডাকসু নির্বাচনে ঈদগাঁও উপজেলার এ মেধাবী সন্তানের অংশগ্রহণের খবর গণমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়। স্থানীয় শিক্ষার্থী ও সাধারণ মানুষ তার সাফল্য কামনা করছেন।


