বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযানে পানি ফ্যাক্টরি সিলগালা, তিন প্রতিষ্ঠানে জরিমানা

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম নগরীর খাজা রোডের মাইজ পাড়া এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত বাজার তদারকি অভিযানে অনিয়মের অভিযোগে একটি পানি প্যাকেজিং ফ্যাক্টরি সাময়িকভাবে সিলগালা করা হয়েছে। একইসঙ্গে আরও তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

রোববার (৮ সেপ্টেম্বর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়ের কর্মকর্তারা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে ‘সততা প্যাকেজড ড্রিংকিং ওয়াটার’ নামের একটি ফ্যাক্টরিতে বি.এস.টি.আই. এর অনুমোদন ছাড়া পানির প্রক্রিয়াকরণ ও বাজারজাতকরণ এবং আড়ালে নিজস্ব নামে নকল স্টারিং পাওয়ার অয়েল উৎপাদনের প্রমাণ মেলে। এ অপরাধে ফ্যাক্টরিটিকে দুই লাখ টাকা অর্থদণ্ড দিয়ে সাময়িকভাবে সিলগালা করা হয়।

এছাড়া একই এলাকায় জয়নাব মেডিকেল হলে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে পাঁচ হাজার টাকা, জননী মেডিসিন হলে পাঁচ হাজার টাকা এবং আল হাসান নামে এক বেপারীর প্রতিষ্ঠানে মেয়াদবিহীন মিষ্টান্ন বিক্রির অপরাধে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক মো: আনিছুর রহমান ও সহকারী পরিচালক মাহমুদা আক্তার। চিত্রগ্রহণে ছিলেন ক্যামেরাম্যান মোঃ আফতাবুজ্জামান।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, ভোক্তাস্বার্থে এ ধরনের বাজার তদারকি কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত