বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

সম্মিলিত মাদ্রাসা শিক্ষার্থী পরিষদের আলোচনা সভায় আবুল হাশেম বক্কর

“ছাত্রজনতার গণঅভ্যুত্থানে রাজপথে তাজা রক্ত দিয়েছিল মাদরাসা শিক্ষার্থীরা”

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, দীর্ঘ ১৬ বছরের আওয়ামী ফ্যাসিজমের অবসান হয়েছিল ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে। রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়েই অভ্যুত্থান সফল হয়। অভূতপূর্ব এ গণঅভ্যুত্থানে সর্বস্তরের মানুষের সঙ্গে আলেম সমাজ ও মাদরাসা শিক্ষার্থীরাও অংশ নেয়। ইসলাম বৈষম্যের বিরুদ্ধে এবং যৌক্তিক সংস্কারের পক্ষে অবস্থান করে; একই সঙ্গে সব ধরনের জুলুম ও বিশৃঙ্খলার বিপক্ষেও। তাই ২০২৪ সালের ছাত্রজনতার গণঅভ্যুত্থানেও আলেম ও মাদরাসা শিক্ষার্থীরা রাজপথে তাজা রক্ত দিয়েছে। ২০১৩ সালে শাপলা চত্বরে যেমন শতাধিক আলেম শহীদ হয়েছিলেন, তেমনি এবারের গণঅভ্যুত্থানেও শতাধিক আলেম ও শিক্ষার্থী শহীদ হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে।

তিনি সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে নগরীর থিয়েটার ইনস্টিটিউটে সম্মিলিত মাদ্রাসা শিক্ষার্থী পরিষদের উদ্যোগে আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানে আহত মাদরাসা শিক্ষার্থীদের সনদ ও সম্মাননা প্রদান এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বক্কর আরও বলেন, সারাদেশে ছাত্রজনতার সঙ্গে রাজপথে নেমে এসেছিলেন আলেম সমাজ ও মাদরাসার শিক্ষার্থীরা। সাধারণ আলেম সমাজের ব্যানারে দেশের পরিচিত আলেমরা আন্দোলনের প্রতি সর্বাত্মক সংহতি জানান। স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে তারা বুক চিতিয়ে দাঁড়ান। অনেক ইমাম ও খতিব বিপ্লবের পক্ষে জুমার খুতবায় বক্তব্য দেওয়ায় চাকরি হারিয়েছেন। এ ছাড়া অসংখ্য আলেম ও শিক্ষার্থী শারীরিকভাবে নিগৃহীত হয়েছেন। আন্দোলন চলেছে রাজপথে যেমন, তেমনি অনলাইনেও। আলেম সমাজ রাজপথে রক্ত দিয়ে সংহতি জানিয়েছে, আর আন্দোলনের পক্ষে ফেসবুক প্রোফাইল পিকচারও রঙিন হয়েছে লাল রঙে।

সম্মিলিত মাদ্রাসা শিক্ষার্থী পরিষদের উপদেষ্টা মিজানুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব শহিদুল ইসলাম সাকিবের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মো. হাসান আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট আবদুস সাত্তার, ইয়া‌ছিন চৌধুরী লিটন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জা‌হিদুল ক‌রিম ক‌চি, টেরীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল মান্নান, চট্টগ্রাম মহানগর সিটিজেন ফোরামের সভাপতি মশিউল আলম স্বপন, কোতোয়ালী থানা বিএনপির সাবেক সভাপতি মনজুর রহমান চৌধুরী, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম, মহানগর এসসিপির যুগ্ম সমন্বয়কারী সাঈদুর রহমান, রিসার্চ অ্যাসোসিয়েট মাকাম মেন্টর ফর সুফি হেরিটেজের মুস্তাসির মাহমুদসহ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী বিপ্লবী মাদ্রাসা শিক্ষার্থীরা।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত