চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) বর্তমান প্রশাসকের অপসারণ দাবি করেছে বৈষম্যবিরোধী ব্যবসায়ী ফোরাম। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে সংগঠনটির নেতাকর্মীরা।
মানববন্ধনে ব্যবসায়ী নেতা রাজিবুল হাসান রানা অভিযোগ করেন, আওয়ামী লীগ নেতাদের পারিবারিক সম্পত্তি হিসেবে চেম্বারকে ব্যবহার করা হয়েছিল। তিনি বলেন, গত ৫ আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানের পর আন্দোলনের মাধ্যমে সাবেক প্রেসিডেন্ট হাজ্জাজ গংদের হটিয়ে ব্যবসায়ীরা চেম্বারকে উদ্ধার করেছিলেন। কিন্তু দীর্ঘ এক বছর পেরোলেও ব্যবসায়ীদের প্রত্যাশা পূরণ হয়নি। তাই বর্তমান প্রশাসকের পদত্যাগ দাবি করা হচ্ছে এবং তার মেয়াদ আর না বাড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।
মানববন্ধনে আরও বক্তব্য দেন মো. শহীদ, মোহাম্মদ দিদার, বাবলু সালাউদ্দিন, মহসিন সৈয়দ, নুর উদ্দিন সোহেলসহ অনেকে।
প্রসঙ্গত, গত জুলাই মাসের গণঅভ্যুত্থানে সরকার পতনের পর চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক বোর্ড ভেঙে যায়। পরিচালক পদ শূন্য হয়ে পড়ায় শতবর্ষী এই ব্যবসায়ী সংগঠনের প্রশাসক পদে তৎকালীন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আনোয়ার পাশাকে নিয়োগ দেয় বাণিজ্য মন্ত্রণালয়। প্রথমে ১২০ দিনের জন্য দায়িত্ব দেওয়া হলেও পরবর্তীতে তার মেয়াদ আরেক দফা বাড়ানো হয়।


