“ডিজিটাল যুগে সাক্ষরতা বৃদ্ধির প্রসার”-এ প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৫ উদযাপিত হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।
র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, “ডিজিটাল যুগে টিকে থাকতে হলে প্রযুক্তিগত সাক্ষরতা অর্জনের বিকল্প নেই। শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে উন্নত সমাজ গড়ে তুলতে হবে।”
উপজেলা শিক্ষা কর্মকর্তা আকতার উদ্দীন বলেন, “শিক্ষার বিস্তার ছাড়া কোনো জাতি এগোতে পারে না। সাক্ষর মানুষই পারে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে।”
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। আয়োজকরা জানান, তথ্য-প্রযুক্তির এ যুগে সাক্ষরতার পাশাপাশি ডিজিটাল দক্ষতা অর্জন অত্যন্ত জরুরি।
বক্তারা সবাইকে শিক্ষার আলো ঘরে ঘরে ছড়িয়ে দিতে এগিয়ে আসার আহ্বান জানান।


