চট্টগ্রামের চন্দনাইশে বিশেষ অভিযানে দুইটি একনলা বন্দুক ও দেশীয় অস্ত্রসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৪টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে চন্দনাইশ থানার এসআই মো. হাক্কানী বিল্লাহ সঙ্গীয় ফোর্সসহ হাশিমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ হাশিমপুর খানবটতল অলিরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় ওই এলাকার আহম্মদ মিয়ার ছেলে মোহাম্মদ সাগর (২৮) কে গ্রেফতার করা হয়।
অভিযানে তার বসতঘরের উত্তর পাশের কক্ষের চৌকির নিচ থেকে দুইটি একনলা ট্রিগারযুক্ত বন্দুক, একটি লোহার দা, একটি প্লাস্টিকের বাটযুক্ত স্টিলের চাকু এবং একটি প্লাস্টিকের বাটযুক্ত টিপ চাকু উদ্ধার করে জব্দ করা হয়।
চট্টগ্রামের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু- নির্দেশনায় ও চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ারের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
পরে গ্রেফতারকৃত সন্ত্রাসীর বিরুদ্ধে চন্দনাইশ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।


