বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Single Top Banner

ছয় বছর পর ঢাবিতে ডাকসু নির্বাচন আজ

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে আজকের দিনটি একটি নতুন অধ্যায় হিসেবে চিহ্নিত হলো। দীর্ঘ ছয় বছরের বেশি সময় পর অবশেষে অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা আট ঘণ্টা চলবে এ ভোটগ্রহণ। ভোট শেষে তাৎক্ষণিকভাবে গণনা শুরু হবে এবং নবাব নওয়াব আলী সিনেট ভবনে ফলাফল ঘোষণা করা হবে।

ডাকসু নির্বাচনকে ঘিরে শিক্ষাঙ্গনসহ জাতীয় রাজনীতিতেও সৃষ্টি হয়েছে বিশেষ আগ্রহ। কারণ, ডাকসু থেকে উঠে আসা নেতৃত্ব ভবিষ্যতে দেশের রাজনৈতিক অঙ্গনেও প্রভাব ফেলে।

এবার ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭০ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী আছেন ৬২ জন। সহসভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৪ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে রয়েছেন পাঁচজন, জিএস পদে একজন ও এজিএস পদে চারজন।

অন্যদিকে, ১৮টি হলে মোট ২৩৪টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এক হাজার ১০৮ জন প্রার্থী। নির্বাচনে মোট ভোটার ৩৯ হাজার ৭৭৫ জন। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন। আটটি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটাররা ডাকসু ও হল সংসদের মোট ৪১টি পদে ব্যালটের মাধ্যমে ভোট দেবেন।

ভোটগ্রহণকে ঘিরে নিরাপত্তা জোরদার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আটটি প্রবেশপথে বসানো হয়েছে নিরাপত্তা চৌকি। ভোটকেন্দ্রগুলোতে মোবাইল পেট্রোল, ডগ স্কোয়াড, বোম এক্সপ্লোজাল ইউনিট, সোয়াত টিম, সাদা পোশাকে ডিবি পুলিশ, সিসিটিভি মনিটরিং সেল ও স্ট্রাইকিং রিজার্ভসহ বিশেষায়িত বাহিনী মোতায়েন করা হয়েছে।

নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে গিয়ে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে নির্বাচন কমিশনকে। তফসিল ঘোষণার পর থেকে আচরণবিধি লঙ্ঘন, সাইবার বুলিংসহ বিভিন্ন অভিযোগ সামাল দিতে হয়েছে প্রশাসনকে। ফলে আজকের নির্বাচন বিশ্ববিদ্যালয় প্রশাসনের জন্য অগ্নিপরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।

প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন ভোটারদের উদ্দেশে বলেছেন, কোনো ধরনের গুজবে কান না দিয়ে শিক্ষার্থীদের ভোট দিতে আসতে হবে। তিনি বলেন, ‘গুজব একটি সামাজিক ব্যাধি। শিক্ষার্থীদের অনুরোধ করব, কোনো ধরনের গুজবে বিভ্রান্ত না হয়ে ভোটের প্রতি আস্থা রাখুন।’

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত