চট্টগ্রামের সীতাকুন্ডে প্রায় ২১ হাজার টাকার ফেনসিডিল ও একটি মোটরসাইকেলসহ এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
কোস্ট গার্ড পূর্ব জোন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ৮ সেপ্টেম্বর (সোমবার) সন্ধ্যা ৬টার দিকে কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারীর একটি দল সীতাকুন্ড থানার কুমিরা হাইওয়ে এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় সন্দেহজনক একটি মোটরসাইকেল তল্লাশি চালিয়ে ২৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২১ হাজার ৬০০ টাকা। ঘটনাস্থল থেকে একজন মাদক কারবারিকে আটক করা হয়।
আটককৃত আসামি ও জব্দ করা আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভাটিয়ারী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় কোস্ট গার্ড।
সংগঠনটি আরও জানায়, মাদক পাচার ও অপরাধ দমনে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


