বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Single Top Banner

সম্পাদকীয় ১২ পদের মধ্যে ৯টিতে শিবির সমর্থিত প্রার্থীদের জয়

ডাকসু নির্বাচনে ভিপি পদে শিবিরের সাদিক কায়েম জয়ী

নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সম্পাদকীয় ১২টি পদের মধ্যে ৯টিতে জয়লাভ করেছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। বাকি তিনটি পদে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।

ভিপি পদে ছাত্রশিবিরের আবু সাদিক কায়েম ১৪ হাজার ৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৭০৮ ভোট। ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা পান ৩ হাজার ৩৮৯ ভোট এবং আরেক স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন পান ৩ হাজার ৮৮৪ ভোট।

জিএস পদে ছাত্রশিবিরের এস এম ফরহাদ ১০ হাজার ৭৯৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল নেতা তানভীর বারী হামীম পান ৫ হাজার ২৮৩ ভোট এবং প্রতিরোধ পর্ষদের প্রার্থী মেঘমল্লার বসু পান ৪ হাজার ৯৪৯ ভোট। এজিএস পদেও জয় পেয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্রার্থী মুহা. মহিউদ্দীন খান। তিনি ১১ হাজার ৭৭২ ভোটে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের তানভীর আল হাদী মায়েদ পেয়েছেন ৫ হাজার ৬৪ ভোট।

এ ছাড়া সম্পাদকীয় অন্যান্য পদে জয়ী হয়েছেন মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতেমা তাসনিম জুমা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার, কমন রুম রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে ছালমা, আন্তর্জাতিক সম্পাদক জসীমউদ্দিন খান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক স্বতন্ত্র প্রার্থী মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, গবেষণা ও প্রকাশনা সম্পাদক স্বতন্ত্র প্রার্থী সানজিদা আহমেদ তন্বি, ক্রীড়া সম্পাদক আরমান হোসেন, ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, সমাজসেবা সম্পাদক স্বতন্ত্র প্রার্থী যুবাইর বিন নেছারী, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাজহারুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক এম এম আল মিনহাজ এবং মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক পদে মো. জাকারিয়া।

প্রসঙ্গত, ডাকসুর মোট পদ রয়েছে ২৮টি। এর মধ্যে সম্পাদকীয় পদ ১২টি এবং সদস্যপদ ১৩টি। এবার ডাকসুর ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪৭১ জন প্রার্থী। পাশাপাশি ১৮টি হল সংসদে নির্বাচন অনুষ্ঠিত হয় ১৩টি পদে। হল সংসদের ২৩৪টি পদের বিপরীতে প্রার্থী ছিলেন ১ হাজার ৩৫ জন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবার মোট ভোটার ছিলেন ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে পাঁচটি ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯ এবং ১৩টি ছাত্র হলে ভোটার ছিলেন ২০ হাজার ৯১৫ জন। নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল উৎসবমুখর, তবে বিভিন্ন হলে প্রতিদ্বন্দ্বী পক্ষগুলোর অভিযোগ ও পাল্টা অভিযোগও উঠে এসেছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত