চট্টগ্রামের কর্ণফুলী নদীর ওপর নির্মিত কালুরঘাট রেল-কাম-সড়ক সেতুতে বিদ্যুতের তার চুরি হয়ে যাওয়ায় প্রায় তিন সপ্তাহ ধরে বন্ধ রয়েছে সেতুর স্ট্রিটলাইট। সন্ধ্যা নামতেই অন্ধকারে ডুবে যায় সেতুটি। এতে পথচারী, ট্রেনযাত্রী ও যানবাহন ব্যবহারকারীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
জানা গেছে, ৪৩ কোটি টাকা ব্যয়ে জরাজীর্ণ এ সেতুটির বড় ধরনের সংস্কার করা হয়। সংস্কারের পর ট্রেনসহ যানবাহন ও পথচারী পারাপারের জন্য উন্মুক্ত করা হয় সেতুটি। সংস্কারের অংশ হিসেবে স্থাপন করা হয় আধুনিক বৈদ্যুতিক সরঞ্জাম ও ৩১টি নতুন স্ট্রিটলাইট। কিন্তু গত জুলাইয়ের মাঝামাঝি সময়ে প্রায় ১৮শ ফুট বৈদ্যুতিক কেবল চুরি হয়ে যায়। এরপর থেকেই সেতুতে অন্ধকার নেমে আসে।
স্থানীয়রা অভিযোগ করছেন, সংস্কারের পরও সেতুর নিরাপত্তা নিশ্চিত করতে রেলওয়ে ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদাসীন থেকেছে। আলো না থাকায় সেতুতে দুর্ঘটনা ও অপরাধের ঝুঁকি বেড়েছে।
রেলওয়ের চট্টগ্রাম বৈদ্যুতিক প্রকৌশলী আরিফুল ইসলাম জানিয়েছেন, সেতুর আলো ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব সংস্কার চুক্তি অনুযায়ী ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচারের ওপর ন্যস্ত। তার চুরির ঘটনায় প্রতিষ্ঠানটিকে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচারের প্রকল্প ব্যবস্থাপক মো. মেহেদী হাসান বলেন, প্রায় ১৮শ ফুট বৈদ্যুতিক কেবল চুরি হয়েছে। ইতোমধ্যেই নতুন কেবল আনা হয়েছে এবং দ্রুত সংযোজন করে বাতিগুলো সচল করার কাজ চলছে।
স্থানীয়দের দাবি, সংস্কারের পরও যদি সেতুর নিরাপত্তা নিশ্চিত করা না যায়, তবে কোটি কোটি টাকা ব্যয় করে সংস্কারের সুফল ব্যাহত হবে। দ্রুত স্ট্রিটলাইট সচল করে পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।


