কক্সবাজারের ঈদগাঁওয়ে অবৈধ বালি সিন্ডিকেটের গর্তে প্রাণ গেল অবুঝ শিশু কন্যা সিদরাতুল মুনতাহা (৪) এর। থানা প্রশাসন লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
১০ সেপ্টেম্বর (বুধবার) সকাল সাড়ে ১১ টার দিকে ফুলছড়ি রেঞ্জের অধীন ইসলামাদ ইউনিয়নের রাজঘাট বনবিট এলাকায় ঘটে এ ঘটনা।
নিহত শিশু কন্যা মুনতাহা ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ৯ নং ওয়ার্ড মধ্যম গজালিয়া রাজঘাট গ্রামের মোঃ সাগরের কন্যা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইজারা বিহীন অবৈধ বালি উত্তোলনের কারণে সৃষ্ট বিশালাকারের গভীর গর্তে পড়ে পানিতে ডুবে শিশু কন্যাটির মর্মান্তিক হয়।
স্থানীয় ইউপি সদস্য জুবাইদুল ইসলাম জুয়েল শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন,নিহতের পিতার অভিযোগের ভিত্তিতে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছেন।
এদিকে নিহত শিশুর পিতার দাবি, রাজঘাটের বালি পয়েন্ট খেকো হোসেন মাঝি ও নুরুল হুদা নামের দু’ব্যক্তির অবৈধ বালি সিন্ডিকেটের গর্তে পড়ে তার সন্তানকে অকালে মৃত্যুবরণ করতে হয়েছে। ইতিপূর্বেও এভাবে শিশু মৃত্যু বরণের ঘটনা থেকে বালি খেকোরা পার পেয়ে যাওয়ায় চক্রটি দিন দিন আরো বেপরোয়া হয়ে উঠেছে। তাই তিনি এর সুষ্ঠু বিচার দাবি করেন।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ: মছিউর রহমান লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর কথা জানান।
স্থানীয়রা ক্ষোভের সাথে জানান, চিহ্নিত প্রভাবশালী চক্রের ছত্রছায়ায় উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট প্রশাসনকে ম্যানেজ করে নিয়মিত অবৈধ বালি উত্তোলন ও সরবরাহের কারণে গ্রামীণ সড়ক চলাচল অনুপযোগির পাশাপাশি সরকার রাজস্ব বঞ্চিত হলেও অর্থলোভী প্রশাসনের কর্তারা কোন ব্যবস্থা না নেয়াতে উপজেলা জুড়ে এভাবেই মুনতাহার মত শিশুদের গর্তে পড়ে অকালে জীবন দিতে হচ্ছে একের পর এক। তাই তারা অবিলম্বে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান।


