বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

চান্দগাঁও থানা পুলিশের অভিযানে ছিনতাই হওয়া ১৪ লাখের বেশি টাকা উদ্ধার, পাঁচ আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) চান্দগাঁও থানা পুলিশের অভিযানে ছিনতাই হওয়া নগদ ১৪ লাখ ৬১ হাজার ৬৭০ টাকা, ছিনতাই কাজে ব্যবহৃত চাইনিজ কুড়াল ও টিপছোরা উদ্ধারসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

টাকা ছিনতাইয়ের ঘটনাটি ঘটে গত ৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ৭টার দিকে চান্দগাঁও থানাধীন জান আলী রেলস্টেশন এলাকায়।

অভিযোগে জানা যায়, রফিক স্টোর নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানের সামনে আসামিরা হঠাৎ হামলা চালিয়ে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে। তাদের হাতে থাকা ধারালো চাইনিজ কুড়াল ও টিপছোরা দিয়ে ভয় দেখিয়ে বাদীর কাছ থেকে ব্যবসায়িক পণ্য বিক্রির নগদ ১৯ লাখ ৭৩ হাজার ৪০০ টাকা ভর্তি একটি সাদা প্লাস্টিকের বস্তা, একটি কালো ব্যাগে রাখা নগদ ৫৫ হাজার টাকা এবং একটি অ্যান্ড্রয়েড ফোন ছিনিয়ে নেয়। এ ঘটনায় চান্দগাঁও থানায় দ্রুত বিচার আইনে গত ১০ সেপ্টেম্বর মামলা দায়ের করা হয়।

পরে অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহেদুল কবিরের নেতৃত্বে পুলিশের একাধিক দল অভিযান পরিচালনা করে দুই আসামী—মো. সুমন (৩০) ও মো. আলী (৪৫) গ্রেফতার করা হয়। তাদের হেফাজত থেকে ছিনতাইকৃত নগদ এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা, একটি চাইনিজ কুড়াল ও একটি টিপছোরা উদ্ধার করা হয়।

পরবর্তীতে পুলিশের অন্য দল পৃথক অভিযান চালিয়ে লক্ষ্মীপুর জেলার চৌধুরীঘাট এলাকা থেকে আরও তিন আসামীকে গ্রেফতার করে। তারা হলেন—মো. রাকিব (৩২), মো. ফয়সাল (১৯) ও মোছা. কাজল আক্তার (২১)। এসময় তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয় ছিনতাইকৃত নগদ ১৩ লাখ ১৯ হাজার ৬৩০ টাকা।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। উদ্ধারকৃত টাকা পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে বাদীর নিকট হস্তান্তর করা হবে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত