বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

আগ্রাবাদ বাদামতলীতে পে-পার্কিং দখলমুক্তে চসিকের উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত নগরীর আগ্রাবাদ বাদামতলী এলাকায় পে-পার্কিং এর নির্ধারিত জায়গা থেকে অবৈধ দোকান উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

মঙ্গলবার ( ১৬ সেপ্টেম্বর) পরিচালিত অভিযানে আগ্রাবাদ বাদামতলী এলাকার গুলজার কনভেনশন গলি ও দাল্লা মেডিকেল গলির পে-পার্কিং এর নির্ধারিত স্থানে গড়ে ওঠা ৫০টিরও বেশি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। পরে উচ্ছেদকৃত স্থান পে-পার্কিং এর বরাদ্দ গ্রহীতার নিকট বুঝিয়ে দেওয়া হয়।

চসিক সূত্র জানায়, নগরীর বিভিন্ন স্থানে পে-পার্কিং সুবিধা নিশ্চিত করতে নির্ধারিত জায়গা বরাদ্দ দেওয়া হলেও দীর্ঘদিন ধরে কিছু ব্যক্তি এসব স্থানে অবৈধ দোকান বসিয়ে দখল করে রেখেছিল। এর ফলে যানবাহনের জন্য নির্ধারিত পার্কিং ব্যবস্থা বাধাগ্রস্ত হচ্ছিল এবং জনসাধারণ ভোগান্তিতে পড়ছিল।

অভিযান চলাকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা বলেন, নগরীর শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং নাগরিকদের জন্য নির্ধারিত পার্কিং ব্যবস্থা সচল রাখতে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। অবৈধভাবে দখলদারিত্ব করা কাউকে ছাড় দেওয়া হবে না বলেও তিনি সতর্ক করেন।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে এ এলাকায় অবৈধ দোকান বসার কারণে যানজট ও পার্কিং সংকট চরমে পৌঁছেছিল। চসিকের এ উদ্যোগে স্বস্তি ফিরবে বলে তারা আশা প্রকাশ করেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত