রবিবার, ২৩ আগস্ট ২০২৬
Single Top Banner

চাকসু নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক, ৫০০’র বেশি নমুনা সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে প্রার্থীদের জন্য নতুন শর্ত যুক্ত করেছে নির্বাচন কমিশন। মনোনয়নপত্র জমা দেওয়ার সঙ্গে ডোপ টেস্টের (মাদক পরীক্ষা) রিপোর্ট জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে ইতোমধ্যে অন্তত ৫০০ প্রার্থীর নমুনা সংগ্রহ করা হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের চিফ মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ আবু তৈয়ব। তিনি বলেন, “এখন পর্যন্ত আমরা ৫০০’র বেশি নমুনা সংগ্রহ করেছি এবং এখনো শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে আছেন। যদিও প্রথমে তিনটা পর্যন্ত নমুনা সংগ্রহের কথা ছিল, তবে সময় সীমিত হওয়ায় তা বাড়ানো হতে পারে। আগামীকালও নমুনা সংগ্রহ চলবে।”

প্রথমে ডোপ টেস্টের শেষ সময় নির্ধারিত ছিল ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। তবে শিক্ষার্থীদের দাবির কারণে মনোনয়নপত্র জমাদানের সময়সীমা একদিন বাড়ানোয় ডোপ টেস্টের সময়ও বাড়িয়ে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে।

তফসিল অনুযায়ী, যাচাই-বাছাই হবে ১৮ সেপ্টেম্বর, প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশিত হবে ২১ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর এবং চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৫ সেপ্টেম্বর। আগামী ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

চাকসু ও হল সংসদ আচরণবিধি অনুযায়ী, মনোনয়নপত্র সংগ্রহ ও জমার সময় কোনো ধরনের মিছিল-শোভাযাত্রা করা যাবে না এবং সর্বোচ্চ পাঁচজন সমর্থক নেওয়া যাবে।

উল্লেখ্য, সর্বশেষ চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৯০ সালে। দীর্ঘ ৩৫ বছর পর আবারও এই নির্বাচন আয়োজন করা হচ্ছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত