বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

শিক্ষার্থীদের দাবিতে চাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও জমার সময় বাড়াল নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময়সীমা এক দিন বাড়িয়েছে নির্বাচন কমিশন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানান চাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন। তিনি জানান, নতুন সিদ্ধান্ত অনুযায়ী বুধবার বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে এবং আগামীকাল (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫টা পর্যন্ত জমা দেওয়া যাবে। এর আগে নিয়ম অনুযায়ী, মনোনয়ন জমার শেষ সময় ছিল ১৭ সেপ্টেম্বর পর্যন্ত।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, “গত সংঘর্ষে কিছু শিক্ষার্থী আহত হয়েছেন, যারা এখনো পুরোপুরি সুস্থ নন। পাশাপাশি অনেক শিক্ষার্থী সময়সীমা বৃদ্ধির আবেদন জানিয়েছে। শিক্ষার্থীদের সেই দাবি বিবেচনায় কমিশন এক দিন সময় বাড়িয়েছে।”

এর আগে বুধবার সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল মনোনয়ন সংগ্রহ ও জমাদানের সময় বাড়ানোর আবেদন জানায়।

তফসিল অনুযায়ী, যাচাই-বাছাই হবে ১৮ সেপ্টেম্বর, প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২১ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর এবং চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ২৫ সেপ্টেম্বর। আগামী ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

চাকসু ও হল সংসদ আচরণবিধি অনুসারে, মনোনয়নপত্র সংগ্রহ ও জমার সময় কোনো ধরনের মিছিল-শোভাযাত্রা করা যাবে না এবং প্রার্থীরা সর্বোচ্চ পাঁচজন সমর্থক নিতে পারবেন।

উল্লেখ্য, সর্বশেষ চাকসু নির্বাচন হয়েছিল ১৯৯০ সালে। দীর্ঘ ৩৫ বছর পর আবারও এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত