চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির এ প্যানেল ঘোষণা করেন। আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিতব্য চাকসু ও হল সংসদ নির্বাচনে এই প্যানেল অংশ নেবে।
প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে মনোনয়ন পেয়েছেন দর্শন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়। সাধারণ সম্পাদক (জিএস) পদে রয়েছেন ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় খেলোয়াড় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. শাফায়াত হোসেন। সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে মনোনীত হয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আইয়ুবুর রহমান তৌফিক।

এছাড়া বিভিন্ন সম্পাদকীয় পদে রয়েছেন—খেলাধুলা সম্পাদক আজহারুল ইসলাম বিপ্লব, সহ-সম্পাদক জয় বড়ুয়া, সাহিত্য-সংস্কৃতি সম্পাদক মো. মোজাম্মেল হক হৃদয়, সহ-সম্পাদক শহীদুল কায়সার, দপ্তর সম্পাদক তৌহিদুল ইসলাম ভূইয়া, সহ-সম্পাদক শাহরিয়ার উল্লাহ ফাহাদ, ছাত্রী কল্যাণ সম্পাদক নুজহাত জাহান, সহ-সম্পাদক শাফকাত শফিক, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক মো. ওজায়ের হোসেন, গবেষণা সম্পাদক ফাইরুজ সাদাফ দ্বীপ, সমাজসেবা সম্পাদক ইমাম হাসান, স্বাস্থ্য সম্পাদক মোহাম্মদ আবরার গালিব, মুক্তিযুদ্ধ সম্পাদক শাহরিয়ার লিমন, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক শ্রুতিরাজ চৌধুরী, যোগাযোগ সম্পাদক মো. সায়েম উদ্দিন আহমেদ, সহ-সম্পাদক ইয়াসিন আরাফাত, আইন সম্পাদক আব্দুল্লাহ আল সাকিব ও পাঠাগার সম্পাদক মো. জাবেদ। সদস্য হিসেবে মনোনীত হয়েছেন ফয়সাল প্রান্ত বাবর, মিজান মিয়া, নুসরাত জাহান, এস এম তরিকুল ইসলাম রিমন এবং তায়েফ হোসেন ইমন।
প্যানেল ঘোষণার সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন, সহ-সভাপতি মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াসিনসহ কেন্দ্রীয় নেতারা।
সংবাদ সম্মেলনে নাসির উদ্দীন নাসির বলেন, সাহসী, মেধাবী ও সচেতন শিক্ষার্থীরাই ভোট দিয়ে ছাত্রদলের প্যানেলকে জয়ী করবেন। শিক্ষার্থীদের অধিকার আদায়ে যারা দীর্ঘদিন ধরে কাজ করেছেন, তাদেরকেই মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি দলের প্রতি দুর্বলতা দেখাচ্ছে। প্রশাসনকে নিরপেক্ষ থাকার আহ্বান জানান তিনি।
নির্বাচনী তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বিতরণ শুরু হয় ১৪ সেপ্টেম্বর এবং শেষ হয় ১৭ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত। যাচাই-বাছাই হবে ১৮ সেপ্টেম্বর, প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশিত হবে ২১ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর এবং চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ২৫ সেপ্টেম্বর। আগামী ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে গণনা শুরু হবে। সর্বশেষ চাকসু নির্বাচন হয়েছিল ১৯৯০ সালে। দীর্ঘ ৩৫ বছর পর এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন।


