মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
Single Top Banner

নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বাসা ভাড়া না দেওয়ার আহ্বান জানিয়ে মাইকিং

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের কর্ণফুলীতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের বাসা বা ফ্ল্যাট ভাড়া না দেওয়ার আহ্বান জানিয়ে পুলিশের পক্ষ থেকে এলাকায় মাইকিং করা হয়েছে। বুধবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া এক ভিডিওকে কেন্দ্র করে এ নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

এক মিনিট ১৭ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, লুঙ্গি ও জার্সি পরা এক যুবক একটি সিএনজি অটোরিকশায় বসে কাগজ থেকে পড়ে মাইকিং করছেন। ঘোষণায় বলা হয়, কর্ণফুলী এলাকার সকল বাড়ির মালিকদের জানানো যাচ্ছে যে, নতুন কোনো ভাড়াটিয়া নিতে হলে আগে তাদের জাতীয় পরিচয়পত্রসহ অন্যান্য কাগজপত্র থানায় জমা দিতে হবে। নিষিদ্ধ ঘোষিত দলের কোনো সদস্যকে বাসা ভাড়া দেওয়া যাবে না। যদি কোনো ভাড়াটিয়া নিষিদ্ধ সংগঠনের হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হয়ে ধরা পড়ে, তাহলে সংশ্লিষ্ট বাড়ির মালিককে সহযোগী হিসেবে আটক করা হবে। ঘোষণা শেষে আরও বলা হয়, নির্দেশ অমান্য করে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীদের কাউকে ভাড়া দিলে বাড়ির মালিকের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভিডিওটি প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়। অনেকেই প্রশ্ন তুলেছেন—নিষিদ্ধ ঘোষিত সংগঠন বলতে সরকারের কোন নির্দেশনার কথা বোঝানো হয়েছে এবং কেন আওয়ামী লীগের নাম উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, সরকার ঘোষিত নিষিদ্ধ সব সংগঠনকে বোঝানো হয়েছে। নির্দিষ্ট কোনো সংগঠনকে লক্ষ্য করে বলা হয়নি। ঘোষণায় ভুল বোঝাবুঝি সৃষ্টি হওয়ায় পরে তা সংশোধন করা হয়েছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত