বুধবার, ৮ এপ্রিল ২০২৬
Single Top Banner

১৭ দিনের গরুর বাছুর দুধ দিচ্ছে!

নিজস্ব প্রতিবেদক :

প্রকৃতির কী বিচিত্র খেয়াল! মাত্র ১৭ দিনের এক বাছুর দুধ দিতে শুরু করেছে। জন্মের পর যে বয়সে বাছুরের মায়ের দুধ খাওয়ার কথা, ঠিক তখনই সে নিজেই দুধ দিচ্ছে। বিস্ময়কর এ ঘটনা এখন কিশোরগঞ্জের করিমগঞ্জে আলোচনার কেন্দ্রবিন্দু।

ঘটনাটি ঘটেছে উপজেলার গুজাদিয়া ইউনিয়নের পূর্ব চরকরণশী গ্রামে। গাভির মালিক হারুন অর রশিদ জানান, দুই বছর আগে ৭৫ হাজার টাকায় তিনি গাভিটি কিনেছিলেন। সম্প্রতি ওই গাভি একটি বাছুর প্রসব করে। জন্মের প্রথম দিন থেকেই বাছুরটি দুধ দিতে শুরু করে। এ খবরে আশপাশের গ্রাম থেকে নারী-পুরুষ ভিড় জমাচ্ছেন হারুন অর রশিদের বাড়িতে। অনেকে অবিশ্বাস্য এ দৃশ্য দেখে ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন।

বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থলে আসা অবসরপ্রাপ্ত সেনাসদস্য মিজানুর রহমান বলেন, “এমন ঘটনা জীবনে প্রথমবার দেখলাম। একসঙ্গে গাভি আর নবজাতক বাছুরের দুধ দেওয়া আমাদের কাছে অবিশ্বাস্য।”

বিষয়টি জানাজানি হলে করিমগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এমএমএ আউয়াল তালুকদার সরেজমিন পরিদর্শন করে জানান, “এমন ঘটনা সত্যিই বিরল। সাধারণত কয়েক বছর বয়স না হলে কোনো বাছুর দুধ দিতে পারে না। তবে মিল্কবিট লেয়ারের হরমোন সক্রিয় হওয়ায় বাছুরটি দুধ দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে।”

তিনি আরও জানান, মা গাভি ও বাছুরের সার্বক্ষণিক তত্ত্বাবধানের জন্য একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। পাশাপাশি বাছুরের দুধ মানুষের খাওয়ার উপযোগী কি না, তা পরীক্ষা করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুধটি অন্যান্য গাভির দুধের মতোই স্বাভাবিক ও পুষ্টিমানসম্পন্ন।

এদিকে গ্রামে অস্বাভাবিক এ ঘটনার কারণে প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের ঢল নামছে। কেউ বিস্ময়ে হতবাক, কেউবা ভিডিও করে ছড়িয়ে দিচ্ছেন—“১৭ দিনের বাছুরও দুধ দেয়!”

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত