বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

৭ হাজারের বেশি সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে বিএনপি : তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নানা অভিযোগের প্রেক্ষিতে দলের ৭ হাজারের বেশি সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। দুর্নীতি, চাঁদাবাজি ও অসদাচরণের দায়ে কেউ পদচ্যুত হয়েছেন, আবার অনেকে বহিষ্কৃত হয়েছেন। বাস্তবতার পরিপ্রেক্ষিতে এসব সিদ্ধান্ত ছিল অপরিহার্য।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা জানান। তারেক রহমান বলেন, “শৃঙ্খলা কোনো দুর্বলতা নয়, বরং সেটিই আমাদের শক্তি। এখন আমাদের অন্যতম দায়িত্ব হলো দেশের প্রত্যেক ভোটারের আস্থা নিশ্চিত করা। সেই লক্ষ্যে বিএনপি তরুণ প্রজন্মের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সমাজের প্রতিটি শ্রেণি ও পেশার মানুষের কাছে ছুটে যাচ্ছে। গ্রাম থেকে কেন্দ্র পর্যন্ত সাংগঠনিক কাঠামোকে আরও মজবুত করছে।”

তিনি আরও বলেন, তরুণরা ফাঁকা বুলি নয়, বাস্তব সুযোগ চায়। জনগণ চায় স্থিতিশীলতা, বিশৃঙ্খলা নয়। আর বিশ্ব চায় বাংলাদেশ একটি বিশ্বাসযোগ্য ও সম্মানিত গণতান্ত্রিক রাষ্ট্র হোক। এই প্রত্যাশা পূরণে বিএনপি দৃঢ়প্রতিজ্ঞ বলে মন্তব্য করেন তিনি।

নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, “আসুন, আমরা ঐক্যবদ্ধ থাকি, শৃঙ্খলাবদ্ধ থাকি এবং জনগণের সেবায় প্রতিশ্রুতিবদ্ধ থাকি। আমি যেমন আপনাদের ওপর আস্থা রাখি, আপনারাও আমার ওপর আস্থা রাখুন। তাহলে গণতন্ত্রের পথ হবে আরও উজ্জ্বল। আমরা প্রমাণ করব— বাংলাদেশে একটি জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা ও স্থিতিশীল প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলা সম্ভব।”

তিনি আরও উল্লেখ করেন, সদস্যদের দায়বদ্ধ করার মাধ্যমে প্রমাণ হয়েছে বিএনপি সততার ব্যাপারে আন্তরিক। “আমরা ক্ষমতাসীনদের কাছে যেসব মানদণ্ড দাবি করি, নিজেদেরও ঠিক সেই মানদণ্ডে দাঁড় করাই। এভাবেই আমরা জনগণের আস্থা পুনর্গঠন করতে চাই, বিশেষত তরুণদের। রাজনীতিকে তারা কেবল ক্ষমতার খেলা হিসেবে নয়, বরং সবার অংশগ্রহণে গড়ে ওঠা মহৎ ক্ষেত্র হিসেবে দেখতে চায়।”

বিএনপির পরিচয় সেবা ও ন্যায়বিচারের প্রতীক উল্লেখ করে তারেক রহমান বলেন, জনগণের সঙ্গে সরাসরি সংযোগ আরও শক্তিশালী করা হচ্ছে। ৩১ দফা কর্মসূচির ভিত্তিতে নীতিমালা তৈরি হয়েছে। নারী, তরুণ নেতা ও পেশাজীবীদের বেশি অংশগ্রহণ নিশ্চিত করার মধ্য দিয়ে দলকে আরও আধুনিকায়ন করা হচ্ছে। “আমরা চাই বিএনপির পরিচয় হোক সেবা, ন্যায়বিচার ও দক্ষতার প্রতীক হিসেবে; বিভাজন কিংবা সুবিধাভোগের প্রতীক নয়।”

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত