বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

চবিতে চাকসু নির্বাচন

পাঁচ সদস্যের প্যানেল ঘোষণা করল ‘বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট’

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ‘রেভ্যুলেশন ফর স্টেট অফ হিউম্যানিটি’ নামে পাঁচ সদস্যের একটি প্যানেল ঘোষণা করেছে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় চাকসু ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্যানেল ঘোষণা করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি জুয়েনা সুলতানা। বক্তব্য দেন শাখা সাধারণ সম্পাদক কেফায়েত উল্লাহ, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার উল্লাহসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

ঘোষিত প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সংগঠনটির শাখা সাধারণ সম্পাদক ও শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কেফায়েত উল্লাহ। সাধারণ সম্পাদক (জিএস) পদে থাকছেন শাখা সাংগঠনিক সম্পাদক ও নাট্যকলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কাজী শাহরিয়ার উল্লাহ। যুগ্ম-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সংগঠনের অর্থ সম্পাদক ও হিসাববিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জোনায়েদ শিবলী। দপ্তর সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সংগঠনটির দপ্তর সম্পাদক ও ফাইন্যান্স বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাহসীন কারিমুল ইসলাম। আর যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক ও ইংরেজি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাবিহা তাহসিন শ্রীজা।

সংবাদ সম্মেলনে জুয়েনা সুলতানা বলেন, “মানবতাবিধ্বংসী স্বৈররাজনীতির গ্রাস থেকে জীবন, শিক্ষা, সমাজ ও রাষ্ট্র রক্ষার অঙ্গীকারে আমরা চাকসু নির্বাচনে অংশ নিচ্ছি। শিক্ষার্থীদের অধিকার, স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।”

তিনি অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের জবাবদিহিতার অভাব এবং দলীয় ছাত্ররাজনীতির আধিপত্য শিক্ষার্থীদের অধিকার হরণের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে।

সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী কেফায়েত উল্লাহ বলেন, “চাকসু নির্বাচন না হওয়ায় দীর্ঘ ৩৬ বছর ধরে শিক্ষার্থীরা আবাসন, খাদ্য, পরিবহণ ও গবেষণায় বঞ্চিত। বিদ্যমান প্রশাসনিক কাঠামোর অনিয়ম-অস্বচ্ছতাই এর জন্য দায়ী। আমরা চাই, ছাত্রসংসদ হোক শিক্ষার্থীদের প্রকৃত অধিকার রক্ষার মঞ্চ, কোনো দলীয়করণের ক্ষেত্র নয়।”

তিনি আরও বলেন, তাদের মতাদর্শ ও উদ্দেশ্যের সঙ্গে একমত থেকে কোনো স্বতন্ত্র প্রার্থী জোট করতে চাইলে তা সাদরে গ্রহণ করা হবে।

অ্যাকাডেমিক পরিবেশ গড়ার প্রতিশ্রুতি দিয়ে সংগঠনের নেতারা বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে আধুনিক ও গবেষণাধর্মী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে এবং সুন্দর অ্যাকাডেমিক পরিবেশ নিশ্চিত করতে তারা প্রচলিত লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধ করে নিয়মিত অ্যাকাডেমিক ছাত্ররাজনীতির চর্চা চালু রাখবেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত