বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

নারায়ণগঞ্জে ভাগাড় থেকে পাঁচ বস্তা এনআইডি কার্ড উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

নিজস্ব প্রতিবেদক :

নারায়ণগঞ্জের ফতুল্লায় ময়লার ভাগাড় থেকে পাঁচ বস্তা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) উদ্ধার করেছে পুলিশ। রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লা স্টেডিয়াম এলাকা থেকে এসব কার্ড উদ্ধার হয়। এনআইডি কার্ড ছাড়াও বিপুল সংখ্যক পোলিং অফিসারের কার্ড ও সিল পাওয়া গেছে, যা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের নেতা নাজমুল হাসান বাবু জানান, তিনি স্টেডিয়াম এলাকায় একটি স’মিল নির্মাণ করছেন এবং সেখানে ময়লা ফেলার বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছিলেন। সন্ধ্যার দিকে একটি সাদা গাড়িতে করে কয়েকজন লোক কয়েকটি বস্তা ফেলে যায়। সন্দেহ হলে স্থানীয়রা এগিয়ে গিয়ে বস্তাগুলোতে এনআইডি কার্ড দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে উপস্থিত হয় এবং নির্বাচন কমিশনের কর্মকর্তারা কার্ডগুলো উদ্ধার করেন।

নারায়ণগঞ্জের অতিরিক্ত নির্বাচন কমিশনার রাকিবুজ্জামান জানান, উদ্ধার হওয়া কার্ডগুলো গাজীপুরের পুরোনো এনআইডি কার্ড, স্মার্টকার্ড নয়। প্রাথমিকভাবে এগুলোকে পরিত্যক্ত কার্ড মনে হচ্ছে। তবে এ বিষয়ে তদন্ত চলছে। উদ্ধার হওয়া কার্ড ও অন্যান্য সরঞ্জাম নারায়ণগঞ্জ নির্বাচন কমিশন অফিসে নেওয়া হয়েছে এবং কর্মকর্তারা সেগুলো পরীক্ষা-নিরীক্ষা করছেন।

এ ঘটনায় নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে কার্ডগুলো উদ্ধার করেছে। প্রাথমিক তথ্য সংগ্রহ করা হয়েছে এবং বিস্তারিত তদন্ত শেষে পরবর্তীতে জানানো হবে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত