বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Single Top Banner

চবি হল সংসদ নির্বাচনে ২২ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হল সংসদ নির্বাচনে ২২ জন শিক্ষার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। চাকসু নির্বাচন কমিশনের প্রাথমিক তালিকা অনুযায়ী, এদের মধ্যে একজন পুরুষ এবং ২১ জন নারী শিক্ষার্থী রয়েছেন।

চাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. এ.কে.এম আরিফুল হক সিদ্দিকী ২১ সেপ্টেম্বর এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, প্রার্থীদের তালিকা ২২ সেপ্টেম্বর সকালে কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এটি প্রাথমিক তালিকা হওয়ায় মনোনয়ন প্রত্যাহার বা ডোপ টেস্টের ফলাফলের ভিত্তিতে প্রার্থিতা বাতিল হওয়ার সুযোগ রয়েছে।

প্রকাশিত তালিকা অনুযায়ী, ছেলেদের হযরত শাহজালাল হলে রিডিং রুম, ডাইনিং ও লাইব্রেরি সম্পাদক পদে মোহাম্মদ তানভীর হাসান প্রান্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। মেয়েদের হলে বিজয় ২৪ হলে খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে অন্তরা সাহা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবেন।

নওয়াব ফয়জুন্নেসা হলে সহ-সভাপতি পদে পারমিতা চাকমা, খেলাধুলা সম্পাদক পদে ইতি চাকমা, সাহিত্য-সংস্কৃতি সম্পাদক পদে প্রত্যাশা চাকমা, দপ্তর সম্পাদক পদে অপরাজিতা বড়ুয়া তিন্নি, রিডিং রুম সম্পাদক পদে খিং খিং ছেন, সমাজসেবা ও আইসিটি সম্পাদক পদে মোনালিসা চাকমা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে সুরঞ্জনা ত্রিপুরা, যোগাযোগ সম্পাদক পদে শ্রেয়া তালুকদার এবং নির্বাহী সদস্য পদে অনন্যা চাকমা, প্রমিতা চাকমা ও শিপ্রা তঞ্চঙ্গা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

প্রীতিলতা হলে খেলাধুলা সম্পাদক পদে অন্তরা চাকমা এবং বিজ্ঞান সম্পাদক পদে সিরাজুম মুনিরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হচ্ছেন।

শামসুন্নাহার হলে দপ্তর সম্পাদক পদে সাইমুন সাদিয়া, রিডিং রুম সম্পাদক পদে মোছা. নিশাদ জান্নাত, সমাজসেবা সম্পাদক পদে ইফফাত আরা জুই, যোগাযোগ সম্পাদক পদে কানিজ ফাতেমা সিফাত এবং নির্বাহী সদস্য পদে নাইমা তাসফিয়া, মিফতাহুল জান্নাত ও আফিয়া জাহিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন।

নির্বাচন কমিশনের সদস্য সচিব ড. আরিফুল হক সিদ্দিকী বলেন, “এটি কেবল প্রাথমিক তালিকা। চূড়ান্ত তালিকা প্রকাশের পরই বিষয়টি নিশ্চিত হবে।”

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত