বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

শিক্ষার্থীদের দাবিতে স্বচ্ছ ব্যালট বাক্সের আশ্বাস

চাকসু নির্বাচনে ব্যানার-ফেস্টুন নিষিদ্ধ 

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এবং হল-হোস্টেল সংসদ নির্বাচনে ব্যানার ও ফেস্টুন ব্যবহার নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে নির্বাচনে স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহারেরও আশ্বাস দিয়েছে চাকসুর প্রধান নির্বাচন কমিশন অধ্যাপক ড. মনির উদ্দিন।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে নির্বাচনী আচরণবিধি ও সামগ্রিক বিষয় নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত জানানো হয়। সভায় উপস্থিত ছিলেন চাকসু নির্বাচন কমিশনের প্রধান অধ্যাপক ড. মনির উদ্দিন, সদস্য-সচিব অধ্যাপক ড. একেএম আরিফুল হক সিদ্দিকী, কমিশনার ড. আমির মুহাম্মদ নসরুল্লাহ, ড. মো. আনোয়ার হোসেনসহ অন্যান্য কমিশনারবৃন্দ।

সভায় শিক্ষার্থীরা আচরণবিধির বিভিন্ন সংশোধনের আবেদন জানান এবং নির্বাচন সংক্রান্ত নানা প্রশ্ন উত্থাপন করেন। তারা নির্বাচনের দিন শহরের শিক্ষার্থীদের জন্য আলাদা বাস অথবা শাটল ট্রেনের শিডিউল বৃদ্ধির দাবি জানান। এছাড়া বিভিন্ন বিভাগের পরীক্ষা সূচি ও অন্যান্য কারণে নির্বাচনের তারিখ কমপক্ষে দুই দিন পিছিয়ে দেওয়ার প্রস্তাবও করেন কয়েকজন প্রার্থী ও শিক্ষার্থী।

শিক্ষার্থীরা আরও দাবি জানান—নির্বাচনের দিন ফ্রি যানবাহন চলাচলের ব্যবস্থা করা, নির্বাচনের আগে ও পরে চার দিন করে মোট আট দিন সব বিভাগের পরীক্ষা স্থগিত রাখা এবং শহরের শিক্ষার্থীদের সুবিধার্থে চারুকলা ইনস্টিটিউটে ভোটকেন্দ্র স্থাপন করা। এছাড়া অমোচনীয় কালি ব্যবহারের পাশাপাশি বিদ্যুৎবিহীন অবস্থায়ও চালানো যায় এমন এলইডি স্ক্রিনের ব্যবস্থা করার দাবি তোলেন তারা। এক প্রার্থী নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে খোলা ফেসবুক আইডি ও পেজ বিষয়ে অভিযোগ করলে নির্বাচন কমিশন যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়।

শিক্ষার্থীদের এসব প্রশ্ন ও দাবির জবাবে প্রধান নির্বাচন কমিশন ড. মনির উদ্দিন বলেন, “নির্বাচনে ট্রান্সপারেন্ট ব্যালট বাক্স ব্যবহার করা হবে। তবে ভোটারের গোপনীয়তা রক্ষার্থে বাক্সগুলো সামান্য ব্লার করে দেওয়া হবে, যাতে কে কাকে ভোট দিয়েছেন তা দেখা না যায়।”

তিনি আরও জানান, “প্রত্যেক ভোটারের জন্য আনুমানিক ১০ মিনিট সময় ধরে বুথের সংখ্যা নির্ধারণ করা হবে। পাশাপাশি প্রার্থীদের ছবিযুক্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।”

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত