চট্টগ্রামের রাউজানে বিশেষ অভিযানে ৮০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ ও একটি ব্যাটারিচালিত ভ্যানগাড়ি উদ্ধার করেছে পুলিশ। এ সময় একজনকে গ্রেফতার করা হয়েছে।
চুয়েট পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই মো. মামুন ভূঁইয়া শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় এ অভিযান পরিচালনা করেন। রাউজান থানাধীন পাহাড়তলী তাপ বিদ্যুৎ কেন্দ্রের সামনে কাপ্তাই-চট্টগ্রাম সড়কের ওপর চেকপোস্ট স্থাপন করে তল্লাশি অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তির নাম মো. পারভেজ (৪৫)। তিনি চট্টগ্রামের পটিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মধ্যম গোবিন্দরখীল এলাকার মৃত আমিরুজ্জামানের ছেলে।
তল্লাশিতে তার কাছ থেকে ৮০ লিটার চোলাই মদ এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত ভ্যানগাড়ি উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে রাউজান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।


