চট্টগ্রামের সাতকানিয়ায় প্রাইভেটকার তল্লাশিতে ৮ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক যাত্রীকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (২১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সাতকানিয়া থানাধীন ১০ নম্বর কেঁওচিয়া ইউনিয়নের বটতল এলাকায় ওবাইদিয়া ইসলামিয়া মাদ্রাসা গেইটের পশ্চিম পাশে মহাসড়কে এ অভিযান চালানো হয়। সাতকানিয়া থানার এসআই মো. রোমান হোসেন এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে ঢাকা মেট্রো-ঘ-৩৯-৪৬৫৯ নম্বরের একটি এ্যাশ রঙের প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির পেছনে বসা যাত্রী মো. রিয়াজ উদ্দিন (৩৬) এর হেফাজত থেকে ৮ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া একটি কফি রঙের স্কুলব্যাগ জব্দ করে পুলিশ।
গ্রেফতার রিয়াজ উদ্দিন চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ এলাকার আবদুল মজিদ কেরানীর বাড়ির বাসিন্দা। তার বাবার নাম মো. জামাল উদ্দিন।
এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে সাতকানিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।


