বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

ভবন মালিককে সাড়ে ২২ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে নকশা বহির্ভূত পাঁচ ভবনে সিডিএ’র অভিযান

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম নগরে নকশা বহির্ভূত ভবনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। এরই ধারাবাহিকতায় সোমবার (২২ সেপ্টেম্বর) নগরের বাকলিয়া থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় নকশা বহির্ভূত পাঁচটি ভবন চিহ্নিত করে ভবন মালিকদের কাছ থেকে ২২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সিডিএ’র স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) মোহাম্মদ নজরুল ইসলাম। অভিযানে আরও উপস্থিত ছিলেন সিডিএ’র অথরাইজড অফিসার-১ কাজী কাদের নেওয়াজ, ইমারত পরিদর্শন কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অভিযান চলাকালে দায়িত্বশীল কর্মকর্তারা জানান, চট্টগ্রামে দীর্ঘদিন ধরে অসংখ্য ভবন সিডিএ’র অনুমোদিত নকশা অমান্য করে নির্মিত হয়েছে। এসব অবৈধ ও ব্যতিক্রম ভবন নগরের পরিকল্পিত উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। নগরীতে চলাচল, বসবাস ও স্থাপত্যের ভারসাম্য নষ্ট হচ্ছে। তাই আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালনা করা হচ্ছে।

সিডিএ’র অথরাইজড অফিসার-১ কাজী কাদের নেওয়াজ বলেন, “আজ বাকলিয়া এলাকায় পাঁচটি ভবন নকশা বহির্ভূতভাবে নির্মিত হয়েছে বলে চিহ্নিত করা হয়েছে। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ২২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না।” তিনি আরও বলেন, “চট্টগ্রাম শহরকে একটি বাসযোগ্য, পরিবেশবান্ধব ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে চউক নিরলসভাবে কাজ করছে। যারা নকশা বহির্ভূত ভবন নির্মাণ করেছেন, তাদের অবৈধ অংশ নিজ দায়িত্বে ভেঙে ফেলতে হবে। আইন অমান্য করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

সিডিএ কর্মকর্তারা জানান, নগরে যেসব ভবন নকশা বহির্ভূতভাবে গড়ে উঠেছে, সেগুলো ধাপে ধাপে চিহ্নিত করা হচ্ছে। প্রয়োজনে মালিকদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। শুধু জরিমানার মাধ্যমে দায় শেষ নয়, বরং নগরীর অচলাবস্থা রোধে প্রয়োজনে অবৈধ অংশ ভেঙে দেওয়া হবে।

উল্লেখ্য, এর আগে গত ২৫ আগস্ট নগরের বাকলিয়া থানাধীন এক্সেসরোড সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে সিডিএ। সে সময় নকশা বহির্ভূত ১২টি ভবন চিহ্নিত করে ভবন মালিকদের কাছ থেকে ২৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছিল। টানা অভিযানে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি হলেও এখনও নগরের বিভিন্ন এলাকায় অনুমোদিত নকশা না মেনে ভবন নির্মাণ অব্যাহত রয়েছে।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তারা জানিয়েছেন, নগর উন্নয়ন ও পরিকল্পনার স্বার্থে নকশা বহির্ভূত ভবনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। নগরের স্থাপত্য ও বসবাসের উপযোগী পরিবেশ রক্ষায় কোনো প্রভাবশালী বা ভবন মালিকের কাছে নতি স্বীকার করা হবে না।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত