বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

পাঁচলাইশে পুলিশের অভিযানে স্বর্ণালংকার-নগদ টাকাসহ এক চোর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের পাঁচলাইশে পুলিশের বিশেষ অভিযানে চুরির ঘটনায় চোরাইকৃত স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার হয়েছে। এসময় গ্রেফতার করা হয়েছে এজাহারভুক্ত আসামি মিজানুর রহমান (৩২) নামের এক ব্যক্তিকে। উদ্ধারকৃত স্বর্ণের পরিমাণ ১০ ভরি ৪ আনা এবং নগদ টাকা ৬ লাখ ৭০ হাজার।

পুলিশ জানায়, মামলার বাদী সাইফা হায়াত (৩২) একজন গৃহিনী। তার স্বামী প্রবাসে থাকেন। গত ১১ সেপ্টেম্বর জরুরি প্রয়োজনে ঢাকা যাওয়ার আগে তিনি পাঁচলাইশ মডেল থানাধীন ২নং গেইট এলাকার ভাড়া বাসা তালাবদ্ধ করেন। ১৪ সেপ্টেম্বর বাসায় ফিরে তিনি দেখতে পান, আলমারিতে রাখা প্রায় ২৩ লাখ টাকার স্বর্ণালংকার, নগদ ১৫ হাজার টাকা ও ১,৬০০ দিরহাম (বাংলাদেশি প্রায় ৪৯ হাজার টাকা) নেই।

পরে বাসায় স্থাপিত সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, বাদীর স্বামীর ছোট ভাই মিজানুর রহমান (৩২) গত ১২ সেপ্টেম্বর সকালে ডুপ্লিকেট চাবি ব্যবহার করে বাসায় প্রবেশ করে এবং কিছু সময় পর বেরিয়ে যান। এ ঘটনায় বাদী থানায় মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. আল-আমিন খান তথ্য-প্রযুক্তির সহায়তায় গত ২২ সেপ্টেম্বর রাত ১টার দিকে রহমান নগর বি-ব্লক এলাকায় অভিযান চালিয়ে মিজানুরকে গ্রেপ্তার করেন। তার দেখানো মতে প্রথমে উদ্ধার করা হয় ২ ভরি ৪ আনা ওজনের স্বর্ণালংকার—একটি নেকলেস, একটি ব্রেসলেট, এক জোড়া কানের দুল ও একটি আংটি।

পরবর্তীতে আদালতের অনুমতি নিয়ে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পুলিশের টিম বিভিন্ন স্থানে অভিযান চালায়। চান্দগাঁও থানার খাজারোড এলাকার একটি ফ্ল্যাট থেকে নগদ ১ লাখ ২০ হাজার টাকা, একই এলাকার একটি জুয়েলার্স দোকান থেকে ৪ ভরি ওজনের গলিত স্বর্ণ, আসামির শ্বশুরবাড়ি থেকে স্বর্ণ বিক্রির ৫ লাখ ৫০ হাজার টাকা এবং কোতোয়ালী থানার বিনোদনী মার্কেটের ইকোনমিক জুয়েলার্স থেকে আরও ৪ ভরি ওজনের গলিত স্বর্ণ উদ্ধার করা হয়।

সব মিলিয়ে এ মামলায় মোট ১০ ভরি ৪ আনা ওজনের স্বর্ণালংকার ও গলিত স্বর্ণপাত এবং নগদ ৬ লাখ ৭০ হাজার টাকা উদ্ধার হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তারকৃত আসামি মিজানুর রহমানকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত