মিয়ানমার থেকে মাদকের বিনিময়ে বিপুল পরিমাণ বাংলাদেশি সিমেন্ট পাচারকালে চট্টগ্রামের বহিঃনোঙর সমুদ্র এলাকায় বিশেষ অভিযানে ২৪ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ভোররাতে কোস্ট গার্ড বেইস চট্টগ্রামের সদস্যরা বহিঃনোঙর সমুদ্র এলাকায় অভিযান চালায়। এ সময় কার্গো বোট থেকে ফিশিং বোটে অবৈধভাবে সিমেন্ট হস্তান্তরের চেষ্টা চলছিল। অভিযানকালে প্রায় ৪ লাখ ২৫ হাজার টাকা মূল্যের ৮৫০ বস্তা সিমেন্ট, পাচার কাজে ব্যবহৃত ২টি বোট এবং ২৪ জন পাচারকারীকে আটক করা হয়।
লে. কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান, জব্দকৃত সিমেন্ট, আটককৃত বোট ও পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। চোরাচালান রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও তিনি উল্লেখ করেন।


