কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সিয়াম-উল-হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের সদস্যরা কেরুনতলী এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানের সময় একটি সন্দেহজনক সিএনজিতে তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকানো প্রায় ২৪ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা। এ সময় এক মাদক পাচারকারীকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।
লে. কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান, জব্দ করা ইয়াবা, সিএনজি ও আটককৃত পাচারকারীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাদক পাচার প্রতিরোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।


