শারদীয় দুর্গাপূজা–২০২৫ উপলক্ষে চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন। বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
তিনি জানান, উপকূলীয় এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা ও জনগণের নিরাপত্তা প্রদানে প্রতিষ্ঠালগ্ন থেকেই কোস্ট গার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এর অংশ হিসেবে পূর্ব জোনের আওতাধীন কক্সবাজারের ২৬টি ও চট্টগ্রামের ২৮টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে ২৪ ঘণ্টা বিশেষ টহল ও নজরদারি কার্যক্রম চালানো হচ্ছে। এছাড়া চট্টগ্রামের পতেঙ্গায় একটি সহায়তা বুথ স্থাপন করা হয়েছে, যেখানে দুর্ঘটনা ও নিরাপত্তা সংক্রান্ত জরুরি সেবা প্রদান করা হবে।
প্রতিমা বিসর্জনের সময় নিরাপত্তা নিশ্চিত করতে বোটে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী না তোলা, লাইফ জ্যাকেট ব্যবহার এবং সাঁতার না জানা ব্যক্তিকে বোটে না তোলার বিষয়ে মাইকিংয়ের মাধ্যমে সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে। এ ছাড়া ডুবুরি দল ও মেডিক্যাল টিম সর্বদা প্রস্তুত রয়েছে।
জরুরি প্রয়োজনে কোস্ট গার্ডের হটলাইন ১৬১১১ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, “আমরা চাই দেশের শান্তিপ্রিয় হিন্দু জনগোষ্ঠী তাদের ধর্মীয় উৎসবটি সুন্দর, সুষ্ঠু ও নিরাপদে উদযাপন করুক। এ ধরনের জননিরাপত্তামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”


