বুধবার, ৮ এপ্রিল ২০২৬
Single Top Banner

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে লোহাগাড়ায় মানববন্ধন

আবছার উদ্দিন, লোহাগাড়া প্রতিনিধি :

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ককে দ্রুত ৬ লেনে উন্নীত করার দাবিতে চট্টগ্রামের লোহাগাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার জাঙ্গালিয়া এলাকায় স্থানীয় জনসাধারণের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কটি বর্তমানে দেশের অন্যতম ব্যস্ত সড়ক। কিন্তু দীর্ঘদিন ধরে এটি অপ্রশস্ত ও ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে আছে। প্রতিদিন এই সড়কে দুর্ঘটনা ঘটছে, প্রাণ হারাচ্ছে নিরীহ মানুষ।

তারা আরও বলেন, বিগত সময়ে মহাসড়কটিকে ৬ লেনে উন্নীত করার বহু আশ্বাস মিললেও আজও দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে এই সড়ককে আধুনিক ৬ লেনে রূপান্তর করা হোক, যাতে দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজারমুখী যাত্রীদের জীবন ঝুঁকিমুক্ত হয়।

বক্তারা ফিটনেসবিহীন গাড়ির চলাচল বন্ধ, লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং রাস্তায় নিয়মিত ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারের দাবি জানান।

আরও বলেন, এই সড়কটি দেশের গুরুত্বপূর্ণ রুট হয়েও অনেক স্থানে পাড়ার গলির চেয়েও সরু। বিশেষ করে জাঙ্গালিয়া ও পার্শ্ববর্তী এলাকায় রাস্তা ঢালু ও আঁকাবাঁকা হওয়ায় দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়েছে। রাতে লবণবাহী ট্রাক চলাচলের কারণে রাস্তা পিচ্ছিল হয়ে যায়, ফলে প্রায়ই বড় দুর্ঘটনা ঘটে।

বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি দ্রুত সময়ের মধ্যে সরকারের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়া হয়, তবে দক্ষিণ চট্টগ্রামের সর্বস্তরের মানুষকে নিয়ে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, পরিবহন মালিক, শ্রমিক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত