বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Single Top Banner

কক্সবাজারের চৌফলদণ্ডীর জামায়াত নেতা আমজাদ হত্যা মামলার মূলহোতা গ্রেফতার

আনোয়ার হোছাইন, ঈদগাঁও (কক্সবাজার) : 

কক্সবাজারের চৌফলদণ্ডীতে চাঞ্চল্যকর জামায়াত নেতা আমজাদ হোসাইন হত্যা মামলার অন্যতম মূলহোতা ও ৩ নম্বর আসামি সৈয়দ নূর (৫৫)কে গ্রেফতার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।

শনিবার (৪ অক্টোবর) গভীর রাতে চৌফলদণ্ডী ইউনিয়নের নতুন মহাল এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সৈয়দ নূর ওই এলাকার মফজল আহমদের ছেলে। তার ছেলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সন্ত্রাসী রায়েফ আনান রাফি এই হত্যা মামলার প্রধান আসামি।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সৈয়দ নূর এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের নিয়ন্ত্রক হিসেবে পরিচিত। তার নেতৃত্বে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের নানা অভিযোগ রয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াছ খান জানান, তার নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে সৈয়দ নূরকে গ্রেফতার করা হয়। তিনি বলেন, “চাঞ্চল্যকর আমজাদ হত্যা মামলার বাকী  আসামিদের ধরতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

এদিকে স্থানীয় ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মনজুর আলমও সৈয়দ নূরের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ঘটনার দিন রাতে এলাকাবাসী মামলার ১৪ নম্বর আসামি ও স্থানীয় ইউপি সদস্য এহছানুল হক (৫০)কে আটক করে পুলিশে সোপর্দ করেছিল।

উল্লেখ্য, গত সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নতুন মহাল বাজার এলাকায় জামায়াতে ইসলামী’র স্থানীয় নেতা হাফেজ আমজাদ হোসাইনকে উপুর্যপুরী ছুরিকাঘাতে হত্যা করা হয়।

নিহত আমজাদ হোসাইন (৪০) স্থানীয় নুরুল কবিরের ছেলে এবং জামায়াতে ইসলামী যুব বিভাগের বাজার ইউনিট সেক্রেটারি ছিলেন। হত্যাকাণ্ডের সময় ছৈয়দ নূরের ছেলে রায়েফ আনান রাফি (২৪), তার সহযোগী আবছার কামাল (৩৬) ও মো. মোফাচ্ছল (৪৫) নেতৃত্বে একদল সন্ত্রাসী এ নৃশংস হত্যাকাণ্ড ঘটায়।

পরে নিহতের ভাই এরফানুল হক বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় রায়েফ আনান রাফিসহ একাধিক ব্যক্তিকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত