চট্টগ্রামের লোহাগাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৩ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সোমবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় এ অভিযান চালানো হয়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানের নেতৃত্বে একটি টিম চেকপোস্ট বসিয়ে যাত্রীবাহী হানিফ পরিবহণের একটি বাস তল্লাশি করে ইয়াবাসহ তিনজনকে আটক করে।
গ্রেপ্তারকৃতরা হলেন— কক্সবাজার জেলার উখিয়া কোর্টবাজারের জালিয়াপালং সওদাগর পাড়ার নূর আহমদের পুত্র জসিম উদ্দীন, কক্সবাজার সদরের ঝিলংঝা লাহার পাড়ার মৃত আবু শমার পুত্র মোহাম্মদ করিম, এবং একই এলাকার মোহাম্মদ শাহীন আলমের পুত্র মহিউদ্দিন।
ওসি আরিফুর রহমান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ তিন পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।”


