বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর হত্যা মামলার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক :

জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর আদালত থেকে হত্যা মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন বিচারক। সোমবার (২০ অক্টোবর) ঢাকার ৬ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক এই আদেশ দেন।

আদালত সালমান শাহর মৃত্যুর ঘটনায় তার মা নীলা চৌধুরীর করা রিভিশন আবেদন মঞ্জুর করেন। একই সঙ্গে সালমানের বাবা কমর উদ্দিন আহমদের অভিযোগ এবং আসামি রিজভী আহমেদ ওরফে ফরহাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি সংযুক্ত করে হত্যা মামলা দায়েরের নির্দেশ দেন আদালত। মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে রমনা মডেল থানা পুলিশকে, যারা পুনরায় তদন্ত করে প্রতিবেদন দাখিল করবে।

বাদীপক্ষের আইনজীবী আবিদ হাসান বলেন, সালমান শাহর মৃত্যুর পর তার বাবা রমনা থানায় অপমৃত্যুর মামলা করেছিলেন। পরে মামলাটি হত্যা মামলা হিসেবে রূপান্তরের আবেদন করলেও তা আমলে নেওয়া হয়নি। অথচ রিজভী ওরফে ফরহাদের জবানবন্দিতে হত্যার বর্ণনা থাকলেও মামলাটি আলোর মুখ দেখেনি। সর্বশেষ পিবিআই চূড়ান্ত প্রতিবেদন দাখিল করলে আদালত তা আমলে নিয়ে আসামিদের অব্যাহতি দেন। আজ আদালত সেই আদেশ রহিত করেছেন।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে সালমান শাহ (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) ঢাকার ইস্কাটনের ফ্ল্যাটে মারা যান। ছেলের মৃত্যুর পর প্রথমে অপমৃত্যুর মামলা করেন তার বাবা কমর উদ্দিন আহমদ চৌধুরী। ১৯৯৭ সালের ২৪ জুলাই তিনি অভিযোগটি হত্যা মামলায় রূপান্তরের আবেদন জানান। তখন আদালত সিআইডিকে তদন্তের নির্দেশ দেন। ১৯৯৭ সালের ৩ নভেম্বর সিআইডি আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়ে জানায়, সালমান শাহ আত্মহত্যা করেছেন। তবে কমর উদ্দিন চৌধুরী প্রতিবেদন প্রত্যাখ্যান করে রিভিশন মামলা দায়ের করেন।

২০০৩ সালের ১৯ মে মামলাটি বিচার বিভাগীয় তদন্তে পাঠানো হয়। দীর্ঘ ১১ বছর পর ২০১৪ সালের ৩ আগস্ট সেই প্রতিবেদনে হত্যার অভিযোগ নাকচ করা হয়। পরে সালমানের বাবার মৃত্যুর পর তার মা নীলা চৌধুরী মামলাটি চালিয়ে যান। ২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি তিনি বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদনে ‘নারাজি’ দিয়ে ১১ জনের নাম উল্লেখ করেন, যারা তার ধারণায় সালমানের মৃত্যুর সঙ্গে জড়িত থাকতে পারেন।

পরে মামলাটি তদন্ত করে র‌্যাব। তবে রাষ্ট্রপক্ষ আপত্তি জানালে ২০১৬ সালের ২১ আগস্ট আদালত র‌্যাবকে তদন্ত থেকে বিরত রাখে এবং তদন্তের দায়িত্ব পায় পিবিআই। ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি পিবিআই চূড়ান্ত প্রতিবেদনে জানায়, সালমান শাহ আত্মহত্যা করেছেন—হত্যার কোনো প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু সালমানের মা নীলা চৌধুরী প্রতিবেদনে সন্তুষ্ট না হয়ে আরও তদন্তের আবেদন করেন।

২০২১ সালের ৩১ অক্টোবর আদালত পিবিআইয়ের প্রতিবেদন আমলে নিয়ে আসামিদের অব্যাহতির আদেশ দেন। এরপর সালমান শাহর পরিবারের পক্ষ থেকে মহানগর দায়রা জজ আদালতে রিভিশন আবেদন করা হয়। ২০২২ সালের ১২ জুন আদালত রিভিশন আবেদন গ্রহণ করেন। শুনানি শেষে গত ১৩ অক্টোবর রায়ের জন্য ২০ অক্টোবর দিন ধার্য করা হয়। অবশেষে সোমবার আদালত সালমান শাহর মৃত্যু মামলাকে হত্যা মামলা হিসেবে পুনঃতদন্তের নির্দেশ দেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত