বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

টেকনাফ গহীন পাহাড়ে কোস্ট গার্ডের অভিযানে নারী ও শিশুসহ ৪৪ জন উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ কোস্ট গার্ডের একটি বিশেষ অভিযানে টেকনাফের বাহারছড়ার পিনিস ভাঙ্গা পাহাড়ি এলাকার গহীনে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ মোট ৪৪ জন ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সূত্রে তথ্য পাওয়া যায় যে, সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ বিপুল সংখ্যক মানুষকে টেকনাফের বাহারছড়ার পাহাড়ি এলাকায় আটক করে রাখা হয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড মধ্যরাত ২টা থেকে সকাল ৭টা পর্যন্ত উক্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে পাহাড়ের চূড়ায় অবস্থিত পাচারকারীদের গোপন আস্তানা থেকে নারী ও শিশুসহ ৪৪ জনকে উদ্ধার করা হয়।

উদ্ধার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, কয়েকটি সংঘবদ্ধ মানব পাচারকারী চক্র বিদেশে উচ্চ বেতনের চাকরি, সুবিধাজনক কর্মসংস্থান, উন্নত জীবনযাপন ও অল্প খরচে বিদেশ পাঠানোর প্রলোভন দেখিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়া পাঠানোর জন্য উদ্বুদ্ধ করে। এরপর তাদের পাহাড়ের গহীনে জিম্মি করে রাখা হয়। পাচারকারীরা সুবিধাজনক সময়ে মেরিন ড্রাইভ সংলগ্ন উপকূল থেকে নৌপথে মালয়েশিয়া পাঠানোর পরিকল্পনা করেছিল।

তারা আরও জানায়, পাচারকারীরা আটক ব্যক্তিদের উপর নির্যাতন চালিয়ে মুক্তিপণ আদায়েরও চেষ্টা করছিল।

অভিযানকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। তবে তাদের শনাক্ত ও আটকের জন্য কোস্ট গার্ডের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন,“মানব পাচার প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।”

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত