জাতীয় সংসদ নির্বাচন আগামী ১৫ ফেব্রুয়ারির আগেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেন, “গণভোট ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। তবে যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন, নির্বাচন ১৫ ফেব্রুয়ারির আগেই অনুষ্ঠিত হবে।”
শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই কন্যা ফাউন্ডেশন’ আয়োজিত অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রেস সচিব বলেন, “বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতামত প্রকাশ করছে। আমরা এসব মতামতকে হুমকি হিসেবে দেখছি না। যা দেশের ও জনগণের জন্য উত্তম, প্রধান উপদেষ্টা সেটাই করবেন।”
তিনি আরও বলেন, “স্বৈরাচারের পতন ও গণঅভ্যুত্থানে পুরুষ ও নারী একসঙ্গে রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে। এখন আর নারীরা পিছিয়ে নেই; সব ক্ষেত্রেই তারা নেতৃত্ব ও প্রতিনিধিত্ব করছে।”
এ ছাড়া তিনি জানান, আগামী ১৩ নভেম্বর আদালত শেখ হাসিনার বিচারের দিন ঘোষণা করবেন।


