বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

জাতীয় নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথম সপ্তাহে: ইসি আনোয়ারুল

নিজস্ব প্রতিবেদক :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথম ভাগে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, আগামী সংসদ নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারিতে রমজানের আগে অনুষ্ঠিত হবে। তবে গণভোট সংসদ নির্বাচনের আগে হবে নাকি পরে—সে বিষয়ে নির্বাচন কমিশনের কাছে এখনো কোনো নির্দেশনা আসেনি।

শুক্রবার (৩১ অক্টোবর) পটুয়াখালী সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ইসি আনোয়ারুল এসব কথা বলেন।

ইসি আনোয়ারুল আরও বলেন, “গণভোটের বিষয়ে সরকার কীভাবে প্রস্তুতি নিচ্ছে, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত আমাদের কাছে পৌঁছায়নি। সিদ্ধান্ত হলে আমরা জানাব।”

তিনি জানান, প্রবাসী ভোটারদের নিবন্ধন প্রক্রিয়া নভেম্বর থেকে শুরু হবে। পাশাপাশি কয়েদি আসামিদের ভোটাধিকারের বিষয়েও কমিশন উদ্যোগ নিয়েছে, যদিও এ বিষয়ে সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত এখনো আসেনি।

নির্বাচনের পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচনের কর্মপরিকল্পনা ইতোমধ্যে তৈরি করা হয়েছে। মিডিয়ার সহযোগিতায় একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের আশাবাদ রাখি।”

নির্বাচনী প্রতীকের বিষয়ে প্রশ্নের জবাবে ইসি আনোয়ারুল বলেন, “পরিকল্পনা বিধিমালার মধ্যে বিভিন্ন প্রতীকের একটি তফসিল রয়েছে, যা সময় সময় কমিশন পরিবর্তন, পরিবর্ধন ও পরিমার্জন করে থাকে। আমরা এ সম্পর্কিত কার্যক্রম সম্পন্ন করেছি।”

এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ, পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ওয়াহিদুজ্জামান খান, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মিজানুর রহমান খান এবং সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আরিফুর রহমানসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত