চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান বলেছেন, বিগত সরকারের সময় মত প্রকাশের স্বাধীনতা ও সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ ছিল সবচেয়ে বড় সমালোচনার বিষয়। বিএনপি ক্ষমতায় এলে সংবাদপত্রের স্বাধীনতা ও মত প্রকাশের অধিকার নিশ্চিত করা হবে।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেলে মিরসরাই প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
নুরুল আমিন চেয়ারম্যান বলেন, “বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দল-মত নির্বিশেষে প্রতিটি নাগরিকের মতপ্রকাশের স্বাধীনতা ফিরিয়ে দেওয়া হবে। আজ থেকে দুই দশক আগে বিএনপি সরকারের সময় বাংলাদেশে সংবাদমাধ্যম নির্ভয়ে সরকারের সমালোচনা করতে পারত—আমরা সেই পরিবেশ ফিরিয়ে আনতে চাই।”
মতবিনিময় সভায় মিরসরাই প্রেসক্লাবের সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন নজরুল গবেষক ও শিক্ষাবিদ ড. মুহাম্মদ কামাল উদ্দিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিরসরাই পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক মহিউদ্দিন, সাবেক সদস্য সচিব জাহিদ হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


