বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

রাঙামাটিতে অসামাজিক কার্যকলাপ দমনে পুলিশের অভিযান, আটক ৬

আলমগীর মানিক, রাঙামাটি :

রাঙামাটি শহরের কিছু আবাসিক হোটেলে সম্প্রতি অসামাজিক কার্যকলাপের বিস্তার ঘটছে। এতে সমাজে নৈতিক অবক্ষয়ের পাশাপাশি বেড়ে যাচ্ছে নানা ধরনের অপরাধ। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরের চিহ্নিত কয়েকটি আবাসিক হোটেলকে নজরদারিতে রেখেছে রাঙামাটি জেলা পুলিশ।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৬ নভেম্বর) গভীর রাতে শহরের রিজার্ভ বাজার এলাকায় অবস্থিত আরজু বোর্ডিংয়ে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৬ জনকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ।

আটককৃতরা হলেন মো. জয়নাল আবেদিন (২৭), মো. আবু বাক্কার (৩৫), রোমানা আক্তার (২০), নার্গিস আক্তার মুন্নি (২০), সাথী আক্তার (১৯) এবং জান্নাত আরা (১৯)।

অভিযানের সত্যতা নিশ্চিত করে রাঙামাটি কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তিনি বলেন, রাঙামাটি একটি পর্যটননির্ভর শহর। প্রতিদিন এখানে অসংখ্য পর্যটক আসেন। পর্যটন এলাকার সামাজিক ও সাংস্কৃতিক সৌন্দর্য রক্ষায় অসামাজিক কার্যকলাপ দমন করা জরুরি। এসব কার্যকলাপে জড়িয়ে পড়া কেবল ব্যক্তিগত নয়, গোটা সমাজের মর্যাদাকেও ক্ষুণ্ণ করে।

ওসি আরও জানান, পুলিশ সুপার ড. ফরহাদ হোসেন মহোদয়ের নির্দেশে মাদক, জুয়া ও অসামাজিক কার্যকলাপসহ বিভিন্ন সামাজিক অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আসন্ন পর্যটন মৌসুমকে সামনে রেখে এসব তৎপরতা আরও জোরদার করা হবে।

তিনি সমাজের সচেতন নাগরিকদের আহ্বান জানিয়ে বলেন, সমাজে নৈতিক অবক্ষয় রোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের প্রতিটি স্তরে নৈতিক শিক্ষা ও সামাজিক মূল্যবোধের চর্চা বাড়াতে হবে। সন্দেহজনক কোনো কর্মকাণ্ড দেখলে তা দ্রুত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোরও অনুরোধ জানান ওসি সাহেদ উদ্দিন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত